ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অভিনয় ছাড়ার প্রসঙ্গ নিয়ে ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা দিলেন হাসান মাসুদ

অভিনয় ছাড়ার প্রসঙ্গ নিয়ে ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা দিলেন হাসান মাসুদ
×

হাসান মাসুদ। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৮:৩৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১৮:৪৯

অভিনয় থেকে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। সম্প্রতি তার একটি সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন– এমন আলোচনা তৈরি হলেও বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন এই অভিনেতা। তার বক্তব্যের একটি অংশ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পছন্দের বা মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় নিয়মিত অভিনয়ে ছিলাম না। প্রায় দুই বছর ধরে অভিনয়ের কোনো কাজ করা হয়নি, তবে মাঝেমধ্যে বিজ্ঞাপনে করেছি। টেলিভিশনে বিষয়টি বলার ক্ষেত্রে হয়তো আমার বক্তব্য আরও পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল। কিন্তু কখনও বলেননি যে ভবিষ্যতে আর অভিনয় করব না। আশা করছি, আমার বক্তব্যটি সবাই বুঝতে পেরেছেন।’ 

পাশাপাশি বর্তমান সময়ে ভালো কনটেন্টের অভাবের কথাও তিনি বলেছিলেন। কিন্তু এসব বক্তব্যের অর্থ কখনোই অভিনয় পেশা থেকে স্থায়ীভাবে সরে যাওয়া নয়। এমনটি জানান তিনি।

ধর্মীয় অনুশীলনে মনোযোগ বাড়ায় অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন– এমন ধারণাও প্রত্যাখ্যান করেছেন হাসান মাসুদ। তার মতে, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় করাও সম্ভব। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও নামাজ আদায় করা যায় এবং দীর্ঘ অভিনয়জীবনে তিনি সেটিই করে এসেছেন।

হাসান মাসুদ। ছবি: সমকাল

হাসান মাসুদ জানান, ২০০০ সাল থেকে তিনি নিয়মিত নামাজ পড়েন। শুটিংয়ের সময় সহকর্মী ও নির্মাতারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন। প্রয়োজন অনুযায়ী নামাজের জন্য বিরতি দেওয়া হতো। অনেক সময় পরিচালকরা নিজেরাই বিরতির কথা মনে করিয়ে দিতেন বলে জানান তিনি।

অভিনয়ে ফেরার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে হাসান মাসুদ স্পষ্টভাবে জানান, ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে তিনি অবশ্যই অভিনয়ে ফিরবেন। বাংলাদেশের দর্শক তাকে অভিনয়ের মাধ্যমেই চেনেন, তাই সুযোগ পেলে আবারও কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই। হজ থেকে দেশে ফেরার পরও ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেতা।

তখন তার চুল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে না এলেও প্রযোজনা টিম বিষয়টি মেনে নিয়ে তাকে নিজের মতো কাজ করার স্বাধীনতা দেয়। তবে কোনো চরিত্রের প্রয়োজনে চুল কাটা বা শেভ করার দরকার হলে সেটিও করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

×