ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পূজা উৎসবে দুই সিনেমা, নেই বড় কোনো তারকা

পূজা উৎসবে দুই সিনেমা, নেই বড় কোনো তারকা
×
×

‘স্নেহের বন্ধন’ সিনেমার একটি দৃশ্যে জয় চৌধুরী ও মৌ খান

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:৫৩

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে গত এক দশকেরও বেশি সময় ধরে ঈদকে ঘিরে সবচেয়ে বেশি সিনেমা মুক্তির প্রবণতা দেখা গেছে। দুই ঈদকে কেন্দ্র করে প্রতিবছর চার-পাঁচটি, কখনও তারও বেশি সিনেমা প্রেক্ষাগৃহে এসেছে। এসব ছবির বড় একটি অংশে থাকতেন জনপ্রিয় ও তারকাশিল্পীরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঈদের পাশাপাশি দুর্গাপূজাকেও সিনেমা মুক্তির অন্যতম উপলক্ষ হিসেবে বেছে নিচ্ছেন নির্মাতা ও প্রযোজকেরা।

গত কয়েক বছর ধরে পূজার উৎসবকে সামনে রেখে একাধিক সিনেমা মুক্তি পেলেও এবার সেই তালিকায় নেই কোনো তারকানির্ভর ছবি।

আসছে দুর্গাপূজায় এখন পর্যন্ত দুটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ছবিগুলোর প্রযোজনা ও নির্মাণসংশ্লিষ্টরা এরই মধ্যে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য হল বুকিংয়ের প্রাথমিক কাজ শুরু করেছেন। ঈদের মতো বড় তারকার উপস্থিতি না থাকলেও গল্প ও নির্মাণের বৈচিত্র্য দিয়ে দর্শকদের আকৃষ্ট করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

পূজায় মুক্তির প্রস্তুতি নেওয়া সিনেমাগুলোর একটি কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। সিনেমাটির অফিসিয়াল পোস্টারও এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য হল বুকিং নিয়ে ব্যস্ত সময় পার করছে ছবিটির টিম।

পরিচালক কামরুজ্জামান জানান, দুর্গাপূজাকে ঘিরে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনগুলোতে এরই মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। এ কারণে এবারের পূজায় ছবিটি দর্শকের কাছে পৌঁছে দিতে প্রাথমিকভাবে ২০টি হলকে লক্ষ্য করা হয়েছে।

তিনি বলেন, ‘দুর্গাপূজার ছুটি একটু বেশি হলে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বাড়ে। ছোটবেলায় দেখেছি, দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক ও অ্যাকশন ঘরানার গল্পের সিনেমা মুক্তি পেত। আমার ছবিটিও সেই ধারার। শুধু তারকা শিল্পী থাকলেই যে সিনেমা দর্শক গ্রহণ করবে, এমনটা আমি মনে করি না। গল্প ভালো হলে দর্শক অবশ্যই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসবে।’

‘স্নেহের বন্ধন’ নিয়ে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটির নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটির মুক্তি, গল্প ও অন্যান্য বিষয় নিয়ে এ সময় সংশ্লিষ্টরা কথা বলেন।

‘কাট-পিস সিনেমার পোস্টার

অন্যদিকে পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ইফফাত জাহান মম পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘কাট-পিস’। দুর্গাপূজায় ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। নির্মাতার মতে, ঝুট ব্যবসা বাংলাদেশের নাগরিক জীবনের পরিচিত একটি বাস্তবতা হলেও এর সঙ্গে জড়িত মানুষদের জীবন, অর্থনৈতিক স্বার্থ, ক্ষমতার দ্বন্দ্ব এবং এই ব্যবসার আড়ালের অন্ধকার জগৎ মূলধারার চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। সেই জায়গা থেকে বাস্তবধর্মী গল্প নিয়ে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

মম বলেন, ‘ঝুট ব্যবসা আমাদের নাগরিক জীবনের একটি পরিচিত দৃশ্যপট হলেও এই ব্যবসার নেপথ্যে থাকা মানুষগুলোর অর্থনৈতিক স্বার্থ, ক্ষমতার সম্পর্ক এবং সেই অন্ধকার জগতের সংঘাত মূলধারার চলচ্চিত্রে খুব একটা আসেনি। সেই তাগিদ থেকে বাস্তবধর্মী এ গল্প নিয়ে ‘কাট-পিস’ নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবে।’

‘কাট-পিস’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে সিফাত আমিন শুভর। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নানজীবা তোরসা। পূজার উৎসবের সঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতাকে মিলিয়ে দেখছেন এই অভিনেত্রী। তাঁর প্রত্যাশা, উৎসবের আনন্দের পাশাপাশি দর্শক এবার প্রেক্ষাগৃহেও সময় কাটাবেন।

তোরসা বলেন, ‘আমরা ছোটবেলায় দুর্গাপূজার মেলায় যেতাম। সবাই মিলে অনেক আনন্দ করতাম। দেখতাম হিন্দু-মুসলিম সবাই মিলে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছে। এবারও সেটি হবে। সবাই মিলে পূজা মণ্ডপে তো যাবেই, প্রেক্ষাগৃহে গিয়েও ছবিগুলো দেখবে বলে আশা করছি।’
‘কাট-পিস’ সিনেমাটি পরিবেশনার দায়িত্বে রয়েছে দেশের অন্যতম প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

নির্মাতা মম মনে করেন, দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি করতে পরিবেশনা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে দেশের অন্যতম প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারা ব্যবসায়িক পলিসি এবং দর্শকের আগ্রহ তৈরি করতে পারে দারুণভাবে। অপেক্ষায় আছি দর্শকের সঙ্গে বসে ছবিটি দেখার।’

এদিকে দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনায় ছিল সিনেমা ‘চিরকুট’। সিনেমাটিকে ঘিরে এক মাসেরও বেশি সময় ধরে প্রচার-প্রচারণা চালিয়েছিল এর টিম। প্রকাশ করা হয়েছিল পোস্টারও। শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে সিনেমাটির সংশ্লিষ্টরা।

এবারের দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর তালিকায় বড় কোনো তারকার উপস্থিতি নেই। ফলে তারকানির্ভরতার বাইরে গিয়ে গল্প, নির্মাণশৈলী ও বিষয়বস্তুর ওপর ভর করে দর্শক টানার চ্যালেঞ্জ নিতে হচ্ছে নির্মাতাদের। এখন দেখার বিষয়, উৎসবের আবহে দর্শক কতটা সাড়া দেন এসব সিনেমায়। তা অপেক্ষায় আছেন সিনেমা-সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×