আজ রাতে ফোকফেস্ট মাতাবেন যারা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৫:১৪
'ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯'-এর দ্বিতীয় দিনের আয়োজনে আজ থাকছে রিয়েলিটি শো 'বাউলিয়ানা'র দুই তরুণ শিল্পী কামরুজ্জামান রাব্বি ও শকিকুল ইসলামের পরিবেশনা। তাদের পাশাপাশি থাকছে কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, পাকিস্তানের সুফি শিল্পী হিনা নাসরুল্লাহ ও মালির আলোচিত ব্যান্ড বামাদার শিল্পী হাবিব কইটে
কাজল দেওয়ান [বাংলাদেশ]
ঢাকার কেরানীগঞ্জের সন্তান কাজল দেওয়ানের সংগীতে হাতেখড়ি শৈশবে। তার বাবা প্রখ্যাত বাউল মাতাল কবি আবদুর রাজ্জাক দেওয়ান, যার হাত ধরে নিজেকে বাউল গানের সুরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছেন কাজল দেওয়ান। পালাগান ও লোকসংগীতকে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে এ পর্যন্ত তিন শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি।
হিনা নাসরুল্লাহ [পাকিস্তান]
পাকিস্তানের সুফি গানের আলোচিত কণ্ঠশিল্পী হিনা নাসরুল্লাহ। ছোটবেলায় পাকিস্তানি টেলিভিশনে হামদ ও নাত পরিবেশনার মাধ্যমে তার সংগীত জীবনের শুরু। সুমধুর কণ্ঠ আর অনিন্দ্য গায়কির জন্য পাকিস্তানে তার পরিচিতি ছড়িয়ে পড়তেও খুব একটা সময় লাগেনি। যার সুবাদে বিশ্বের নানা প্রান্তে সুফি কনসার্টে অংশ নেওয়ার সুযোগ হয়েছে তার। আর এসব কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে পেয়েছেন অগণিত শ্রোতার প্রশংসা ও ভালোবাসা। উর্দুর পাশাপাশি সিন্ধি এবং সারাইকি ভাষায়ও গান করে থাকেন হিনা নাসরুল্লাহ। এবারই প্রথম বাংলাদেশের দর্শকদের গান শোনাবেন তিনি।
শফিকুল ইসলাম [বাংলাদেশ]
কৈশোরেই লোকগানের পরিবেশনা দিয়ে শ্রোতার মনোযোগ কেড়েছে শফিকুল ইসলাম। ২০১৬ সালে সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 'বাউলিয়ানা'য় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসে শফিকুল। এই খুদে শিল্পী বাউল ও বিচ্ছেদি গানের পাশাপাশি অন্যান্য ঘরানার গানেও দারুণ পারদর্শী। ময়মনসিংহের সন্তান শফিকুুল এখন বড় বড় সব মঞ্চে লোকগান দিয়ে মাতিয়ে রাখছে সারাদেশ।
কামরুজ্জামান রাব্বি [বাংলাদেশ]
অল্প বয়সেই দোতারা বাদন আর লোকগানের পরিবেশনা দিয়ে শ্রোতাদের মাঝে নিজস্ব পরিচিতি গড়ে নিয়েছেন কামরুজ্জামান রাব্বি। চাচা আবদুল জলিলের কাছ থেকে দোতারা বাজানো শিখেছেন রাব্বি। গান শিখেছেন রাজশাহীতে ওস্তাদ নিজামুল ইসলাম খানের কাছে। ২০১৬ সালে বাউল গানের রিয়েলিটি শো 'বাউলিয়ানা'র মঞ্চে সর্বপ্রথম নজর কাড়েন রাব্বি। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।
হাবিব কইটে অ্যান্ড বামাদা [মালি]
আজ ঢাকার মঞ্চে প্রথম পারফর্ম করবেন মালির লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি হাবিব কইটে। সঙ্গে থাকবেন তার ব্যান্ড বামাদার সদস্যরা। নব্বইয়ের দশকের শুরুতে হাবিব কইটের প্রথম অ্যালবাম 'মুসো কো' প্রকাশিত হয়। আর প্রথম অ্যালবামের গানগুলো দিয়ে বিশ্বের অগণিত সংগীতপ্রেমীর মনোযোগ কেড়ে নেন তিনি। সেই শুরু, এরপর আর থাকার অবকাশ পাননি হাবিব। দুই যুগেরও বেশি সময় ধরে ভিন্নধর্মী গিটারবাদন এবং গায়কি দিয়ে শ্রোতাদের প্রত্যাশা পূরণ করে চলেছেন তিনি। একই সঙ্গে তিনি ব্যান্ড বামাদাকে নিয়ে প্রায় ১৭শ' কনসার্টে গান করেছেন; পারফর্ম করেছেন বিশ্বের সবচেয়ে বড় বড় মঞ্চে।
