আন্তর্জাতিক কনসার্ট শেষ করে দেশে ফিরল মাইলস
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯ | ০৪:২৩ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৪:২৬
চলতি বছরটা দেশের জনপ্রিয়তম ব্যান্ডদল মাইলসের কাছে একটু অন্যরকম। এ বছরই ৪০-এ পা দিয়েছে দলটি। দীর্ঘ চার দশকের এ মাইলফলকে পৌঁছানোকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় মাইলস। সেই সিদ্ধান্তের একটি হচ্ছে ইউরোপ ট্যুর। সেই ইউরোপ ট্যুর শেষ করে দেশে ফিরেছে দেশের জনপ্রিয় ব্যান্ড দলটি।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া মিলে ২৮টি কনসার্ট করে মাইলস। যার মধ্যে ১৭টি যুক্তরাষ্ট্রে, ৭টি কানাডায় এবং ৩টি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে। একটানা এতো বড় বিদেশ সফর রাংলাদেশের কোন ব্যান্ডের জন্য এটাই প্রথম। অস্ট্রেলিয়ায় তিন কনসার্টের মাধ্যমে শেষ হয় তাদের এই সফর। অস্ট্রেলিয়ায় প্রথম কনসার্ট ছিল ১৯ অক্টোবর সিডনিতে, এরপর ২৬ শে অক্টোবর ব্রীসবেনে এবং ২ নভেম্বর মেলবোর্নে।
৪ মাসের বেশি সময়ের এ ট্যুরে উত্তর আমেরিকার বাল্টিমোরে বঙ্গ সম্মেলনেও পারফর্ম করে মাইলস। এটা বাংলাদেশের কোন ব্যান্ডের বঙ্গ সম্মেলনে প্রথম গাওয়া। চলতি বছরের ১৭ জনু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্যান্ডটি। যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে শুরু হয়ে কানাডার পরে অস্ট্রেলিয়ায় মাধ্যমে শেষ হয় মাইলসের আন্তজাতিক সফর।

এ বিষয়ে মাইলসের অন্যতম বোকাল ও গিটারিস্ট হামিন আহমেদ বলেন, মাইলসের চল্লিশ বছর উপলক্ষে আমরা বলেছিলাম আমরা ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আমাদের উদযান শুরু করব। সেটা খুব সুন্দরভাবেই সম্পন্য করে দেশে ফিরেছি আমরা। ২১ জুনআমরা উড়াল দিয়েছি। আর বাংলাদেশের ফিরেছে ৫ নভেম্বর। চার মাসে দেশের বাইরে মাইলস যে ভালোবাসা পেলো তা দেখে অভিভূত আমরা।’
ওয়ার্ল্ড ট্যুরের পর এবার বাংলাদেশে উদযাপনের মাধ্যমে ৪০ বছর উদযাপন করবে মাইলস। সেটা খুব দ্রুতই সবাইকে জানানো হবে বলে জানান হামিন আহমেদ। ৪০ বছর ধরেই মাইলস সক্রিয়ভাবে গান করছে। এছাড়া তাদের রয়েছে ১১টি গানের অ্যালবাম। পাশাপাশি ৪টি বেস্ট অব অ্যালবাম প্রকাশ করেছে মাইলস। এর মধ্যে ভারত থেকে দুটি এবং যুক্তরাষ্ট্র থেকে দুটি। বাংলাদেশি ব্যান্ড হিসেবে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম শো করে মাইলস।
প্রসঙ্গত ১৯৭৯ সালে ফরিদ রশিদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মাইলস। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্যরা হলেন- ফরিদ রশিদ (লিড ভোকাল এবং বেস), ল্যারি ও ইশতিয়াক (গিটার), কামাল মাইনুদ্দিন (ড্রাম) এবং হ্যাপি আখন্দ (কিবোর্ড)।এরপর পেরিয়েছে চারটি দশক। মাইলস হয়ে উঠেছে দেশের রক ব্যান্ডের অন্যতম পথপ্রদর্শক। তাদের চতুর্থ অ্যালবাম 'প্রত্যাশা' বিক্রি হয়েছিল তিন লাখ কপিরও বেশি। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন- শাফিন আহমেদ (ভোকাল এবং বেস), হামিন আহমেদ (ভোকাল এবং গিটার), মানাম আহমেদ (কিবোর্ড), তূর্য (ড্রাম) এবং জুয়েল (গিটার)।
- বিষয় :
- মাইলস
- হামিন আহমেদ
- শাফিন আহমেদ
- ওয়ার্ল্ড ট্যুর