বাতিল প্রযোজক সমিতির কমিটি, মুক্ত জায়েদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০১:০৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ | ০১:১২
বাংলাদেশে চলচ্চিত্র প্রযোজক ও প্রদর্শক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বাতিল করে একজন উপসচিবকে প্রশাসকের দায়িত্বে বসিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্বাচনে অনিয়মের অভিযোগে এই কমিটি বাতিল করা হয়েছ বলে জানানো হয়েছে।
গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে বিষয়টি। যাতে বলা হয়েছে, কমিটি বাতিল করে সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হককে সংগঠনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
আধ্যাদেশে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনাসহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।
২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক হিসেবে শামসুল আলমের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়া ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সংঘবিধি ও সংঘস্মারকের ৫(৫) ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছে আদেশে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এমন আধ্যাদেশের প্রতিক্রিয়া জানিয়ে সমকালকে প্রযোজক ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘আমরা এখনও কোন কাগজ হাতে পাইনি। কাগজ হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবো।’
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় বরাবর প্রযোজক ও প্রদর্শক সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনের অনিয়মের অভিযোগ করেছিলেন এফডিসির ১৮ সংগঠন কর্তৃক নিষিদ্ধ করা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তার অভিযোগ আমলে নিয়ে তদন্তের পর সেগুলোর সত্যতা পাওয়ার সিদ্ধান্ত জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
একসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক আদেশে অফিস আদেশে চিত্রনায়ক জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নয় বলে প্রতীয়মান হওয়ায় তাকে ছবি নির্মাণ ও অভিনয়ের ক্ষেত্রে কোনও বাধা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
- বিষয় :
- প্রযোজক সমিতি
- বিনোদন
- বাতিল কমিটি