অভিনেতা সেলিম আহমেদ আর নেই
অভিনেতা, শিল্পনির্দেশক ও প্রচ্ছদশিল্পী সেলিম আহমেদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৮:৪৫
অভিনেতা, শিল্পনির্দেশক ও প্রচ্ছদশিল্পী সেলিম আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৯টায় গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা আজাদ আবুল কালাম।
আজাদ আবুল কালাম জানান, গত ১৭ ডিসেম্বর হঠাৎ বুকে ব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সেলিম আহমেদকে। চিকিৎসকরা তখন জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়েন তিনি। দ্রুত অবস্থার অবনতি হতে থাকলে আইসিইউতে রাখা হয় তাকে। আইসিইউ থেকে আর ফেরা হলোনা তার।
বুধবার বাদ আছর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সেলিম আহমেদকে দাফন করা হয়েছে বলে জানান অভিনেতা আজাদ আবুল কালাম।
অভিনয়ের পাশাপাশি সেলিম আহমেদ ছিলেন একাধারে ভাস্কর, চিত্রকর, কবি, নাট্যশিল্পী ও গ্রাফিক্স ডিজাইনার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনয় শিল্পীরা।
সেলিম আহমেদ অভিনীত প্রথম নাটক 'জয়িতা'। এরপর তিনি গোলাম মুক্তাদির পরিচালিত 'লোটাকম্বল' ধারাবাহিকে অভিনয় করেন। একক, ধারাবাহিক ও বহু বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। 'চিরঞ্জীব মুজিব' নামে একটি ছবির শিল্পনির্দেশক হিসেবে কাজ করেন তিনি। গেলো ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার লেখা 'রানার' নাটকটি টেলিভিশনে সম্প্রচার হয়।
রংপুরে জন্ম নেওয়া সেলিম আহমেদ লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।
- বিষয় :
- করোনায় মৃত্যু
- নাট্য অভিনেতা
- সেলিম আহমেদ
