'নায়কদের অর্ধেক পারিশ্রমিকও বলিউডের অভিনেত্রীরা পান না'
তাপসী পান্নু- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৫:২৮ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০৫:৪৫
শুধু পর্দাতে নয়, স্বভাবেও সাহসী তাপসী পান্নু। বলিউডের অনেক বিষয়ে তিনি আওয়াজ তুলেছেন নির্ভয়ে। এবার বেতন-বৈষম্য নিয়ে মুখ খুলে আলোচনায় এলেন তাপসী।
বহুদিন ধরেই অভিনেত্রীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, ছবিতে অভিনেত্রীদের যতই গুরুত্বপূর্ণ চরিত্র থাকুক না কেন, নায়করা তাদের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। এমনকী, নবাগত নায়করাও নাকি বহু প্রতিষ্ঠিত অভিনেত্রীর তুলনায় বেশি পারিশ্রমিক পান।
এ বিষয়ে আগেও খোলাখুলি নিজের মত জানিয়েছেন তাপসী। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত ৫০তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় (ইফি) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ‘পিংক’-এর অভিনেত্রী ফের একই প্রসঙ্গ তোলেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে তাপসী বলেন, 'নামী নায়কদের পারিশ্রমিকের অর্ধেক টাকায় একটা নারীকেন্দ্রিক সিনেমার গোটা বাজেট হয়ে যায়। শুধু তাই নয়, তিনি যদি প্রথম সারির অভিনেত্রী হন, তাহলেও। নায়কদের অর্ধেক পারিশ্রমিকও বলিউডের নায়িকা-অভিনেত্রীরা পান না। সত্যি কথা বলতে, কখনও সেটা নায়কদের টাকার এক-চতুর্থাংশ হয়ে যায়। এই ব্যবধান ও বৈষম্য দূর করতে হলে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। এমনটা মেনে নেওয়া যায় না।'
'বদলা', 'বেবি', 'নাম শাবানা', 'মুল্ক', 'মিশন মঙ্গল', 'সান্ড কি আঁখ'-এর মতো বহু ছবিতে তাপসীর অনবদ্য অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
তিনি আরও বলেন, 'একমাত্র বক্স অফিসের সাফল্যই এই পরিস্থিতি বদলাতে পারে। আশা করি, আমার জীবদ্দশাতেই এই পারিশ্রমিক-বৈষম্য দূর হবে। যত বেশি মানুষ নারীকেন্দ্রিক সিনেমা দেখতে আসবেন, তত এই ছবি বদলে যাবে। গত চার-পাঁচ বছরে প্রচুর নারীকেন্দ্রিক ছবি তৈরি হয়েছে, সফলও হয়েছে। কিন্তু ফারাকটা এখনও অনেক বেশি।'
২০১০-এ তেলেগু ছবি দিয়ে অভিনয়ে জগতে প্রবেশ করেন। এরপর, তামিল, মালয়ালম ও হিন্দি ছবিতেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
- বিষয় :
- তাপসী পান্নু
- বিনোদন