কলকাতায় মুক্তি পাচ্ছে স্পর্শিয়ার ছবি
অর্চিতা স্পর্শিয়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০০:৩৭
নতুন বছর কলকাতায় মুক্তি পাচ্ছে স্পর্শিয়া ও তারিক আনাম খান অভিনীত 'আবার বসন্ত' ছবিটি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক অনন্য মামুন। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ ও হল তালিকা এখনও জানাতে পারেননি তিনি। হল তালিকা মুক্তির আগেই জানাতে পারবেন বলে সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক।
সাফটা চুক্তির মাধ্যমে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘আবার বসন্ত’।বিনিময়ে বাংলাদেশে আসছে কলকাতার ছবি ‘রবিবার’। নতুন বছরের জানুয়ারির শুরুতে 'রবিবার' মুক্তি পাবে বলে জানিয়েছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, বাংলাদেশে 'রবিবার' মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেখানে কিছু জটিলতা ছিল। সবকিছু কাটিয়ে গত বৃহস্পতিবার অনুমতি পেয়েছি। চলতি সপ্তাহে 'রবিবার' সেন্সরে জমা পড়তে পারে এবং ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে 'রবিবার'।
পরের সপ্তাহেই, অর্থাৎ ৩ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। সব ঠিক থাকলে আগামী শুক্রবার কলকাতায় এবং পরের সপ্তাহেই এ দেশে চলবে 'রবিবার'।
এদিকে আবার বসন্ত কলকাতায় মুক্তি নিয়ে স্পর্শিয়া বলেন, কলকাতায় আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে। অসমবয়সী প্রেমের গল্প বলা হলেও এটি আসলে জীবনবোধের গল্প, মানবিকতার গল্প, পরিবারের গল্প, একাকিত্বের গল্প। যে কোনো গল্পই ভিন্নমাত্রা পায়, যখন সেখানে একটি বার্তা থাকে। 'আবার বসন্ত' ছবির একটি বার্তা আছে। সেটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আশা করছি দেশের মতো কলকাতার দর্শকও ছবিটি গ্রহণ করবেন।
এদিকে স্পর্শিয়া অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। প্রথম দিন কেবল পাবনার একটি হলে মুক্তি পেলেও নতুন বছরের প্রথম মাসেই মহাসমারোহে মুক্তি দেয়ার কথা জানিয়েছেন ছবিটির পরিচালক নিয়ামুল মুক্তা।
- বিষয় :
- স্পার্শিয়া
- আবার বসন্ত
- কাঠবিড়ালী
- বিনোদন
