এন্ড্রু কিশোরের পাশে রুনা লায়লা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৬:০২ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৮:২২
ক্যান্সারে আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চলছে তার চিকিৎসা। কিছুদিন আগে জানা গিয়েছিল তার চিকিৎসার জন্য প্রয়োজন আরও দুই কোটি টাকা। এরপর থেকে এন্ড্রু কিশোরের পাশে দাঁড়িয়েছেন অনেকেই।
এবার কিশোরের চিকিৎসায় এগিয়ে এসেছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। সহকর্মীর জন্য তিনি দুই লাখ প্রদান করেছেন। পাশাপাশি নিয়মিত তিনি এন্ড্রু কিশোরের খোঁজ-খবর নিচ্ছেন। রুনা লায়লার পারিবারিক সূত্রে এমনটিই জানা গেছে।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর তার চিকিৎসার জন্য নিজের ফ্ল্যাটও বিক্রি করেছেন।এ ছাড়া এই কণ্ঠশিল্পীর চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী এবং শিল্পীর পরিবারের পাশাপাশি সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বেশকিছু প্রতিষ্ঠান ও প্রবাসীরাও এগিয়ে এসেছেন। এন্ড্রু কিশোরের পাশে দাঁড়াতে সম্প্রতি লন্ডনের সঙ্গীত শিল্পী এবং যন্ত্রশিল্পীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
লন্ডনের সেই অনুষ্ঠান থেকে গত ২৪ এবং ২৬ ডিসেম্বর দুই দফায় মোট ৪ লাখ টাকা পৌঁছে দেওয়া হয়েছে এন্ড্রু কিশোরের পরিবারের কাছে। এন্ডু কিশোরের শারীরিক অসুবিধা দেখা দেওয়ায় কিছু পরীক্ষা-নীরিক্ষার জন্য তার পরবর্তী কেমোথেরাপিতে বিলম্ব হচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠলে পুনরায় কেমোথেরাপি শুরু হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
- বিষয় :
- রুনা লায়লা
- এন্ড্রু কিশোর
- চিকিৎসা
