যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী উগ্র-ডানপন্থীদের বড় সমাবেশ
অভিবাসনবিরোধীদের মিছিলে স্লোগান দেন এক সমর্থক। শনিবার লন্ডনে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১২:৪৭
যুক্তরাজ্যের উগ্র-ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনে বড় ধরনের মিছিল হয়েছে। সেখানে অভিবাসনকে দেশটির প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করা হয়। উগ্র-ডানপন্থীদের এই কর্মসূচির সময়ই পাল্টা মিছিল করেছে ফিলিস্তিনপন্থী ও ফ্যাসিবাদবিরোধী একটি পক্ষ।
স্থানীয় সময় শনিবার ‘ইউনাট দ্য কিংডম’ নামে রবিনসনের কর্মসূচিটি লন্ডনের হোলবোর্ন থেকে শুরু হয়ে পার্লামেন্ট স্কয়ারে গিয়ে শেষ হয়। সেখানে রবিনসনসহ অন্যারা বক্তব্য দেন। উত্তর-পূর্ব ইংল্যান্ড থেকে সমাবেশে যোগ দেওয়া ৬৬ বছর বয়সী ক্রিস্টিন টার্নার বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিবাসনই এখন প্রধান উদ্বেগের বিষয়। এটা অনেকদিন ধরে চলছে।
সমাবেশে অংশ নেওয়া অনেকে ‘মেক ইংল্যান্ড গ্রেট এগেইন’ লেখা লাল টুপি পরে অংশ নেন। আবার কেউ কেউ কাঠের তৈরি ক্রুশ বহন করেন। ব্রিটিশ-পোলিশ কিশোরী অ্যামেলিয়া স্টিয়ার্ন এএফপিকে বলেন, ‘অবৈধ অভিবাসন যুক্তরাজ্যের ওপর সত্যিই মারাত্মক প্রভাব ফেলছে।’
এদিকে, ফিলিস্তিনপন্থী এবং ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’-এর যৌথ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন হিদার বুকার। তিনি এএফপিকে বলেন, যুক্তরাজ্য ও পুরো ইউরোপে বর্ণবাদ ও ফ্যাসিবাদের আশঙ্কাজনক উত্থান সত্যিই উদ্বেগের বিষয়।
দুই পক্ষের সমাবেশে সংঘর্ষ এড়াতে কয়েক হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিল লন্ডনের প্রশাসন।
- বিষয় :
- সমাবেশ
- লন্ডন
- অভিবাসন
- যুক্তরাজ্য
