মরুর দেশে জয়যাত্রা
বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ও আইবিও বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে সঙ্গে আয়োজক ও অতিথিরা -সাজ্জাদ নয়ন
আসাদুজ্জামান
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ০৬:৫৫
অপেক্ষার পালা শেষ। শিক্ষার্থীরা প্রস্তুত হও। বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণে আবারও যাত্রা শুরু হচ্ছে জীববিজ্ঞান নিয়ে দেশের সবচেয়ে বড় আসর বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসবের। আগামীকাল থেকে করা যাবে অনলাইন নিবন্ধন। এর মানে বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব-২০২৩ কড়া নাড়ছে দোরগোড়ায়। যে উৎসবের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুজ্জ্বল করবে। এবারের ৩৪তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অমিত সম্ভাবনার তরুণ প্রজন্মকে জীববিজ্ঞানে আগ্রহী ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার প্রত্যাশায় আয়োজিত উৎসবের লক্ষ্য- মরুর দেশে বাংলার জয়।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হারুন-উর রশিদ, জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রধান কোচ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক রাখহরি সরকার, সমকালের বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, নগর সম্পাদক শাহেদ চৌধুরী, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, প্রধান প্রতিবেদক লোটন একরাম, অনলাইনের বার্তা সম্পাদক গৌতম মণ্ডল, মার্কেটিং ও বিজ্ঞাপন বিভাগের জেনারেল ম্যানেজার মো. ফরিদুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান।
মোজাম্মেল হোসেন বলেন, 'বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা জীববিজ্ঞান। উদ্ভিদবিজ্ঞান, কৃষিবিজ্ঞান- সবই এর অন্তর্ভুক্ত। নিজেদের অস্তিত্ব রক্ষায় বিজ্ঞানের এ শাখাকে এগিয়ে নিতে হবে।'
আবু সাঈদ খান বলেন, 'নতুন প্রজন্ম বিজ্ঞানের নানা ক্ষেত্রে সম্মান বয়ে আনছে। বিশ্বে লাল-সবুজ পতাকা তুলে ধরছে। এ আয়োজন বিজ্ঞানমনস্ক সমাজ গড়ার আন্দোলন। এ জন্য সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে।'
অনুষ্ঠানে সৌমিত্র চক্রবর্তী আর্থিক সহায়তা পেলে মেধাবীদের বের করে আনা সম্ভব হবে বলে মত দেন। হারুন-উর রশিদ সুন্দর আয়োজন প্রত্যাশা করেন। রাখহরি সরকার বলেন, নানা সীমাবদ্ধতার পরও গত বছর আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পেয়েছি। সামনে এটি এগিয়ে নিতে হবে। খায়রুল বাশার শামীম এ ধরনের আয়োজন সফলে আর্থিক গুরুত্ব তুলে ধরে সবাইকে স্পন্সর জোগাড়ে আন্তরিক হতে বলেন। শাহেদ চৌধুরী গতবারের চেয়ে আয়োজন ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ২০১৫ সাল থেকে উৎসব হলেও স্পন্সরের ঘাটতি হয়নি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গতবার নিজ খরচে অলিম্পিয়াডে যেতে হয়েছে। আশা করছি, এবার সংকট হবে না। এ ধরনের অলিম্পিয়াডের খরচ দেশগুলোর শিক্ষা মন্ত্রণালয় বহন করে। শিক্ষা মন্ত্রণালয়কেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে গত বছর ৩৩তম আইবিওতে বাংলাদেশের চার ব্রোঞ্জ বিজয়ী ফাইয়াদ আহম্মেদ, রায়ান রহমান, খন্দকার ইশরাক আহম্মেদ ও তাহসিন শান লিওনকে সংবর্ধনা দেওয়া হয়।
উৎসব আয়োজন :সারাদেশে শিক্ষার্থীদের জীববিজ্ঞানবিষয়ক মেধা যাচাইয়ের প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-অষ্টম শ্রেণি বা সমমান), সেকেন্ডারি ক্যাটাগরি (নবম-দশম শ্রেণি বা সমমান) ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমান) রেজিস্ট্রেশন করা যাবে। এক প্রতিষ্ঠান থেকে একাধিক প্রতিযোগী অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। প্রতিযোগীরা এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে পরীক্ষায় অবতীর্ণ হবে। আঞ্চলিক ও জাতীয়- এ দুটি ভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সারাদেশকে ১২টি অঞ্চলে বিভক্ত করে ১২টি আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলোর অধীন প্রতিটি জেলা থেকে প্রতিযোগী অংশ নিতে পারবে। প্রতিটি অঞ্চল থেকে সেরা শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশ নেবে। বিজয়ীদের কয়েক ধাপে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল নির্বাচন করা হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া :উৎসবে অংশ নিতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। registration.bdbo.net এই ঠিকানায় প্রবেশ করলে পেমেন্ট পদ্ধতি ও আবেদনের শর্ত প্রদর্শিত হবে। 'আই অ্যাগ্রি' অপশনে ক্লিক করে নেক্সটে গেলে ব্যক্তিগত ও একাডেমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। নির্ধারিত নম্বরে ফি পাঠাতে হবে। রেজিস্ট্রেশন হলে প্রদত্ত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চলে আসবে।
অ্যাডমিট কার্ডে প্রতিটি অঞ্চলের জন্য আলাদা প্রতিনিধির নম্বর দেওয়া থাকবে। বিডিবিওর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আরও বিস্তারিত জানা যাবে। আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত অঞ্চল পর্যায়ের উৎসব অনুষ্ঠিত হবে। অঞ্চল বিজয়ীরা জাতীয় পর্বে অংশ নেবে। জাতীয় পর্বে উত্তীর্ণদের থেকে কয়েক ধাপে অনুষ্ঠিত ক্যাম্প শেষে চারজন মেধাবীকে বেছে নেওয়া হবে। যারা আগামী জুলাইয়ে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৩৪তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বিভাগীয় সম্পাদক, সুহৃদ সমাবেশ
- বিষয় :
- জীববিজ্ঞান উৎসব
- জীববিজ্ঞান অলিম্পিয়াড
