ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আনন্দের ঝর্ণাধারা

আনন্দের ঝর্ণাধারা
×

জাতীয় পর্বে বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা

কামরুল ইসলাম সজল

প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৮:০০

আবহাওয়া কিছুটা প্রতিকূলে থাকলেও আগ্রহের কমতি ছিল না দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের। এ যে বিশ্বকে জয় করার স্বপ্ন। জীববিজ্ঞানের নতুন কোনো তত্ত্ব বা রহস্য উন্মোচনে থেমে নেই তারা। আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য ৩৪তম আইবিওতে অংশগ্রহণ করে সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপদক ছিনিয়ে আনতে চায় দেশের খুদে জীববিজ্ঞানীরা। তাই তো ভোর থেকেই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে জড়ো হতে থাকে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। সবার চোখেমুখে আনন্দের ঝিলিক।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা পদক দেওয়া হয়। এ ছাড়া পাঁচজন শিক্ষার্থীকে দেওয়া হয় বিভিন্ন গুণীজনের নামে বিশেষ সম্মাননা ও নগদ পুরস্কার।  স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাওয়ার্ড পায় খন্দকার ইশরাক আহমেদ, এসএম হাসানুজ্জামান অ্যাওয়ার্ড পায় ঢাকা নটর ডেম কলেজের শিক্ষার্থী শেখ আকিফ ইলাহি, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী অ্যাওয়ার্ড পায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিজ আনাজ, একেএম নুরুল ইসলাম অ্যাওয়ার্ড পায় রাজশাহী সরকারি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ সিফাত শাহরিয়া মাহি ও গোপাল চন্দ্র ভট্টাচার্য অ্যাওয়ার্ড পায় একই স্কুলের শিক্ষার্থী ফয়েজ আহমেদ। এ ছাড়াও প্রত্যেক বিজয়ী শিক্ষার্থীকে দেওয়া হয় সার্টিফিকেট।

সনদপত্র ও বিভিন্ন পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ী প্রতিযোগী ও তাদের অভিভাবকরা। হায়ার সেকেন্ডারিতে সেকেন্ড রানারআপ হওয়া শিক্ষার্থী আদিব আজফার। ঢাকা নটর ডেম কলেজের শিক্ষার্থী আদিব এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। জাতীয় এই প্রতিযোগিতায় এমন বিজয়ে সে বেশ উচ্ছ্বসিত। চিকিৎসাশাস্ত্রের পাশাপাশি জীববিজ্ঞান নিয়ে গবেষণা করার স্বপ্ন আদিবের। জুনিয়র ক্যাটাগরিতে ফার্স্ট রানারআপ হওয়া আরেক শিক্ষার্থী আজমাঈন ফায়েক বিন মামুন।

বরিশাল জিলা স্কুল থেকে আসা শিক্ষার্থী আজমাঈন এবারই প্রথমবার জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। এমন বিজয়ে বেশ উচ্ছ্বসিত সে। জানায়, অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার নানা প্রসঙ্গ। আদিব এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে জানায়, জীববিজ্ঞান অলিম্পিয়াডে এবার প্রথমবার অংশগ্রহণ করেছে। ঢাকা নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থী শেখ আকিফ ইলাহি এসেছে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে। সে জয় করেছে এসএম হাসানুজ্জামান অ্যাওয়ার্ড। তার পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে জয়ী হওয়া এবং দেশের জন্য সম্মান বয়ে আনা। জাতীয় জীববিজ্ঞান প্রতিযোগিতায় তার এমন সাফল্যের কারণ উল্লেখ করতে গিয়ে জানায়, ‘আমি জীববিজ্ঞান পড়াটাকে পড়া হিসেবে নিইনি। এটাও আমার কাছে মজার।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আরও পড়ুন

×