ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৩৪তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড

মরুর দেশে স্বপ্নযাত্রা

মরুর দেশে স্বপ্নযাত্রা
×

রাজধানীর তেজগাঁওয়ের সমকাল সভাকক্ষে টিম বাংলাদেশের সঙ্গে আয়োজক ও অতিথিরা

আসাদুজ্জামান

প্রকাশ: ২৬ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ০৫:২৪

নতুন আশা, নতুন সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (আইবিও) ২০২৩-এ অংশ নিতে প্রস্তুত ‘টিম বাংলাদেশ’। আগামী ৩ থেকে ১১ জুলাই সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহরের ইউনাইটেড আরব এমিরেটস ইউনিভার্সিটিতে বসছে আইবিওর ৩৪তম আসর। বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দেশের চার শিক্ষার্থী এবং দুই জুরি সদস্য।

‘টিম বাংলাদেশ’-এর চার প্রতিযোগী রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের শিক্ষার্থী ফায়েজ আহমেদ, স্কলাস্টিকার ফাইয়াদ আহম্মেদ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস ও ঢাকা সিটি কলেজের আহম্মেদ নাইম। তাদের সঙ্গে আন্তর্জাতিক জুরি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সৌমিত্র চক্রবর্তী ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম জাকির হোসেন।

এ বছর বিডিবিও-সমকাল জাতীয় জীববিজ্ঞান উৎসবে সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে তিন ধাপে তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ এবং উচ্চতর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে চারজন প্রতিযোগী বাছাই করা হয়।

পুরো আয়োজনে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং এসিআই মটরস। নলেজ পার্টনার হিসেবে আছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং কারিগরি সহযোগী হিসেবে রয়েছে ল্যাব বাংলা।

জীববিজ্ঞান নিয়ে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ের সবচেয়ে বড় আয়োজনের চূড়ান্ত যাত্রায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে ২১ জুন রাজধানীর তেজগাঁও সমকাল কার্যালয়ে জড়ো হন আয়োজক ও অতিথিরা। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতির জন্য আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। সভায় উপস্থিত ছিলেন বিডিবিওর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সৌমিত্র চক্রবর্তী, বিডিবিও ঢাকা দক্ষিণের সভাপতি বুয়েটের অধ্যাপক তারিক আরাফাত, উত্তরের সভাপতি শেকৃবি অধ্যাপক হারুন-অর রশীদ, সমকালের প্ল্যানিং এডিটর ও সম্পাদকীয় বিভাগের প্রধান ফারুক ওয়াসিফ, এসিআই মটরসের সহকারী প্রকৌশলী মো. ফেরদৌস, সমকালের সহকারী সম্পাদক জিয়া হাসান, অনলাইনের বার্তা সম্পাদক গৌতম মণ্ডল, সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। সমকাল সুহৃদ সমাবেশের সদস্য এবং বিডিবিওর এনজাইমরাও উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য বয়ে আনছে দেশের প্রতিযোগীরা। গতবার চার বাংলাদেশি ব্রোঞ্জপদক পায়। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশে এবারের প্রতিযোগীরা লাল-সবুজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে।

আবু সাঈদ খান বলেন, ‘আজকের খুদেরাই আগামীতে মানসম্পন্ন বিজ্ঞানী হবে। তারা দেশকে এগিয়ে নেবে। রাষ্ট্রের উচিত এ ধরনের অলিম্পিয়াডে বেশি বেশি পৃষ্ঠপোষকতা করা।’

এ কে এম জাকির হোসেন বলেন, “আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে ‘টিম বাংলাদেশ’। জীববিজ্ঞানকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।”

ফারুক ওয়াসিফ বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারী চারজনই সেরাদের সেরা। কারণ এখানে যারা অংশ নেবে, তাদের তুলনায় বাংলাদেশের প্রতিযোগীরা শত ভাগের এক ভাগও সুযোগ-সুবিধা পায়নি।’

সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘আমরা অনেক সংকট পেরিয়ে ধারাবাহিকভাবে এ আয়োজন করে আসছি। আমাদের এই সংকটে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। বিশ্বে অধিকাংশ দেশের সরকারের পক্ষ থেকে এই আয়োজনে সরাসরি সহযোগিতা করে। জীববিজ্ঞান এগিয়ে নিতে আগামী আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

বিডিবিও ঢাকা দক্ষিণের সভাপতি অধ্যাপক তারিক আরাফাত ও উত্তরের সভাপতি অধ্যাপক হারুন-অর রশীদ তাঁদের বক্তব্যে দেশের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে বিজয়ের ধারাবাহিকতা রক্ষার কথা বলেন।

প্রকৌশলী মো. ফেরদৌস বলেন, আমরা বিজ্ঞান শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নানা কার্যক্রমের সঙ্গে আছি। জীববিজ্ঞান নিয়ে বিশ্বের অন্য শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের শিক্ষার্থীদের এ যাত্রা গৌরবের।

বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা সমুজ্জ্বল রাখতে আইবিওতে আরও ভালো ফল করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

বিভাগীয় সম্পাদক, সমকাল সুহৃদ সমাবেশ

আরও পড়ুন

×