ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছড়া-কবিতা

ছড়া-কবিতা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

শেখ মোহাম্মদ ফরহাদ উদ্দিন 
হাতির ছানা

মনের সুখে বনে নাচে
একটি হাতির ছানা
হাতির ছানার নানা থাকে
আফ্রিকার দেশ ঘানা।

মামা থাকে ইউক্রেনে
বাবা ভিয়েতনাম
মা থাকে তার অস্ট্রেলিয়া
ভাইয়া সুরিনাম।

বোন থাকে তার ব্রাজিলেতে 
আমাজনের বনে
তাদের সাথে হয় কথা রোজ
মোবাইল টেলিফোনে।

সেই খুশিতে হাতির ছানা
নেচে বেড়ায় জঙ্গলে
রাত নিশিতে রকেট চড়ে
যায় কখনো মঙ্গলে!

 

শাকেরা বেগম শিমু
তুষারকণা

রাজকুমারী তুষারকণা 
আজ আমাদের ঘরে
তাইতো সকাল থেকেই শুধু
স্নিগ্ধ তুষার ঝরে।

ঘরের চালে, গাছের ডালে
সবুজ কোমল ঘাসে
সবখানেতে শুভ্র তুষার 
মিটমিটিয়ে হাসে।

হাওয়ায় ভেসে তুষারকণা
পড়লো ঘরের ছাদে
সূর্যিমামার মনটা খারাপ
জোছনা তো নেই চাঁদে!

নীল আকাশের সবদিকে আজ
শুধুই তুষার মেলা
রবির কিরণ তা দেখে কয়
এ তোর কেমন খেলা?

কখন থেকে ঝরতে আছিস
ওরে শীতের বুড়ি
ঝরে পড়া বাদ দে এবার
কাঁদছে ফুলের কুঁড়ি।

একটু তাদের রোদ পেতে দে
ফুটবে হয়ে ফুল
দেখবি তখন কি রূপ-সুবাস
ভাঙবে রে তোর ভুল।
 

 

কোমল দাস 
ডোরাকাটা দাগ

বিড়াল দেখে বললো খুকি
ও যে বাঘের মতো
ভয় পেয়েছি ওকে দেখে
নিরীহ নয় ওতো।

তাড়াতাড়ি সরাও ওকে
হচ্ছে ভয় ও রাগ
চেয়ে দেখো ওর শরীরে
ডোরাকাটা দাগ!

এটা শুনে বাবা বলেন 
চেহারা নয় মূল
জেনে রাখো আচরণই
আসল রাঙা ফুল।
 

আরও পড়ুন

×