ছড়া-কবিতা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৭:০৩
| প্রিন্ট সংস্করণ
সো মা মু ৎ সু দ্দী
চাঁদের দেশে
চাঁদের বুড়ি চরকা কাটে
হবে বোনা শাড়ি
সেই শাড়িটা পৌঁছে দেবে
খোকন সোনার বাড়ি।
শাড়ি পরে মা ছেলেতে
যাবে চাঁদের দেশে
তারই সাথে হাজার তারা
জুটবে ঝিলিক হেসে।
বুড়ির সাথে করবে দেখা
খোকা ও তার মা
হেড়ে গলায় ধরলো বুড়ি
সা রে গা মা পা!
গো লা ম ন বী পা ন্না
অসহায় যারা
অসহায় যারা তাদের পাশেই
দাঁড়াও বন্ধু এসে
তোমার পরশ পেয়ে যেন তারা
উঠুক একটু হেসে।
ঈদ মানে খুশি প্রীতির বাঁধন
ঈদ মানে সম্প্রীতি
এই খুশি নাও ভাগাভাগি করে
এভাবেই এসো জিতি।
ধনী ও গরিব–এই ভেদাভেদ
থাকে না ঈদের দিন
বৈষম্যের কালিমা এদিন
মন থেকে হয় লীন।
এসো বন্ধুরা ঈদের শিক্ষা
চিরদিন রাখি ধরে
সব মানুষের সমান পৃথিবী
সাজাই নতুন করে।
- বিষয় :
- ছড়া
