ছড়া-কবিতা
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৭:০০
| প্রিন্ট সংস্করণ
সজল আশফাক
কী ঝামেলা!
হলিউডের গেটে
বনের সকল প্রাণী এসে
ছিল, যারা নানান দেশে
জড়ো হলো হেঁটে।
ব্যাপার কী রে টেনশনে সব
বন্ধ শুটিং মুভির।
বাঘ সিংহ গাধাসহ
প্রশ্ন পাখি বুবির–
এই আমাদের ছবি নিয়ে
করছো অ্যানিমেশন
বানাও মুভি দেখাও সেটা
নেশন থেকে নেশন।
নেয়নি কোনো পরিচালক
কোনো অনুমতি
এটুক বলে বুবি টানে
বক্তৃতাতে যতি।
বনের রাজার বরাবরে
অ্যাপ্লিকেশন করে
চুক্তিমাফিক অনারিয়াম
পাঠিয়ে দেবেন ঘরে।
তা না হলে মামলা হবে
এই যে দেখো আইন–
গুনতে হবে শাস্তিস্বরূপ
হাজার ডলার ফাইন।
এসব বলে হুমকি ছোঁড়ে
নেকড়ে এবং বাঘে
সমর্থনে হাতি ভালুক
ফেটে পড়ে রাগে।
শান্ত গলায় শিয়াল এসে
রাখে অভিমত
দেয় তাগাদা প্রয়োজনে
যেতে আদালত।
এই ঘটনা ভাইরাল হয়
সোশ্যাল মিডিয়াতে
খবর ছড়ায় ফোনের মাঝে
সবার হাতে হাতে।
ঘটনাটা সত্যি কী না
সন্দেহটা জাগে!
কিন্তু তাকে ফেইক বলতে,
প্রমাণটা তো লাগে?
অবশেষে এক্সপার্ট এক
বড় ভাইয়ের বেয়াই
বলে গেলেন ভিডিওটা
বানিয়েছে এ.আই.!
মাহমুদ মেঘ
নতুন পথের যাত্রী
আজ মেলেছি নতুন ডানা স্বপ্ন দেখার আশায়
নতুন যুগের যাত্রী আমি সবার ভালোবাসায়!
বিশ্ব এখন হাতের মুঠোয় ল্যাপটপে আর ফোনে
এই আমি কি বন্দি আছি মনের চতুর্কোণে!
বইয়ের পাতায় নতুন করে খুঁজছি প্রাণের ভাষা
কিশোর মনে জাগছে আমার আকাশ ছোঁয়ার আশা।
গায় মেখেছি মাঠের ধুলো আর সোনালি রোদ
মানি না আজ কোনো বাধা চাঙা বিবেক-বোধ।
রঙিন ঘুড়ির লাটাই হাতে মেঘের সাথে আড়ি
সব অজানা জানতে দেব দূর অজানায় পাড়ি।
পাখির মতো উড়ব আমি অসীম নীলের পানে
মুক্ত জীবন পূর্ণ হবে জয়ের গানে গানে।
- বিষয় :
- কবিতা
