ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দীর্ঘক্ষণ বসে কাজের ফলে ‘অফিস সিনড্রোম’

দীর্ঘক্ষণ বসে কাজের ফলে ‘অফিস সিনড্রোম’
×

 ডা. মোহাম্মদ আলী

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী, বিশেষ করে শহরাঞ্চলের মানুষ সপ্তাহে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত অফিসে কাজ করেন। অনেকেই দিনের ১২ থেকে ১৪ ঘণ্টা অফিসে কাটিয়ে দেন। 
দীর্ঘ সময় বসে কাজ করার ফলে অনেকের ঘাড়, কোমর, হাঁটু বা কাঁধে ব্যথা দেখা দেয়। এই সমস্যাকে সাধারণভাবে ‘অফিস সিনড্রোম’ বলা হয়।

আধুনিক জীবনে কম্পিউটার, মোবাইল ও চেয়ার-টেবিলের সামনে বসেই আমাদের বেশির ভাগ সময় কাটে। এর ফলে শরীরের হাড় ও মাংসপেশিতে জড়তা তৈরি হয়। সূর্যের আলো কম পাওয়ার কারণে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতিও দেখা দেয়। দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকার ফলে শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে এবং ব্যথার সৃষ্টি হয়।

আগে মনে করা হতো কেবল ভারী কাজ করা মানুষেরই ঘাড় বা কোমর ব্যথা বেশি হয়। কিন্তু আধুনিক গবেষণা বলছে, দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে কাজ করা মানুষের মধ্যেই এই সমস্যা বেশি দেখা যায়।
এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকতে হবে। প্রতি এক ঘণ্টা পরপর অন্তত এক মিনিটের জন্য হলেও অবস্থান পরিবর্তন করা উচিত। সুযোগ থাকলে হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করা যেতে পারে।

শরীরের নড়াচড়া বাড়ানোও অত্যন্ত জরুরি। প্রতিদিন হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। অফিস থেকে বাসায় ফেরার সময় কিছুটা পথ হেঁটে আসা বা মাঝেমধ্যে গাড়ির পরিবর্তে হাঁটা শরীরের জন্য উপকারী।
মাঝেমধ্যে ভ্রমণ, সাঁতার, দৌড় বা পাহাড়ে হাঁটার মতো শারীরিক কর্মকাণ্ডও শরীরকে সুস্থ রাখে। এর মাধ্যমে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় এবং শরীরের কর্মক্ষমতা বাড়ে।
লেখক : কোমর ব্যথাবিষয়ক পিএইচডি গবেষক। লা ট্রোব ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া এবং বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি ও রিহ্যাব বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

আরও পড়ুন

×