২০০ কিলোমিটার পথ হেঁটেও বাড়ি ফেরা হলো না তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০১:৩০ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ০১:৪১
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এতে বিপদে পড়েছেন অনেকে। বিশেষ করে যারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজের খোঁজে গেছেন তাদের পরিস্থিতি বেশি খারাপ। লকডাউনের কারণে চাকরি, আশ্রয় ও অর্থের অভাবের মুখোমুখি হয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। যানবাহন বন্ধ থাকলেও এই পরিস্থিতিতে তাই অনেকেই পায়ে হেঁটে বাড়ি ফিরতে শুরু করেছেন। এরকমই একজন দিল্লির রণবীর সিং। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি লকডাউন ঘোষণার পর মধ্যপ্রদেশে নিজের বাড়িতে পৌঁছতে হাঁটতে শুরু করেন। কিন্তু বাড়িতে তার আর ফেরা হয়নি। পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রণবীর সিং নামের ওই ব্যক্তি দিল্লির একটি রেস্টুরেন্টে হোমসার্ভিস ডেলিভারির কাজ করতেন। কিন্তু লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তার বাড়ি দিল্লি থেকে ৩২৬ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের মোরেনা জেলার বদফরা গ্রামে হলেও তিনি হেঁটেই সেই পথ পাড়ি দেওয়ার চিন্তা করেন।
সেই উদ্দেশে দিল্লি থেকে রওনাও হন তিনি । কিন্তু বাড়িতে পৌঁছানো আর হয়নি রণবীরের। তার আগে শনিবার উত্তরপ্রদেশের আগ্রায় এসে হাইওয়েতেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় এক দোকানি তার অবস্থা দেখে ছুটে এসে রণবীরকে চা ও বিস্কুট খেতে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রণবীর। তখনও নিজ গ্রাম থেকে তিনি ছিলেন ৮০ কিলোমিটার দূরে।
রণবীর ছোট ভাই সোনু সিং জানান, রণবীর তিন বছর ধরে দিল্লির ওই রেন্টুরেন্টে কাজ করছেন। তার তিনটি সন্তান রয়েছে। তিনি বলেন, ‘আমরা দরিদ্র কৃষক পরিবার। জানি না ভাইয়ের পরিবার এখন কেমন করে বাচবে।‘
সোনু জানান, বাড়িতে ফেরার আগে রণবীর তাদের ফোন করেছিলেন। আয়ের কোনো পথ না থাকায় তিনি বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু রাস্তায় কোনো যানবাহন না থাকায় পায়ে হেঁটেই তিনি বাড়ির পথে রওয়ানা দেন।
এদিকে আয়ের পথ না থাকায় শনিবার সন্ধ্যায় দিল্লির বাস টার্মিনালে উত্তরপ্রদেশের হাজার হাজার মানুষ ভিড় করেন বাড়ি ফেরার উদ্দেশে। পরে উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয় ওই যাত্রীদের বাড়িতে পৌঁছে দিতে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- আন্তর্জাতিক
- লকডাউন
