ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইকুয়েডরের রাস্তায় ফেলা হচ্ছে করোনায় মৃতদের শবদেহ

ইকুয়েডরের রাস্তায় ফেলা হচ্ছে করোনায় মৃতদের শবদেহ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০১:১৭ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ০১:২৫

করোনাভাইরাসের সংক্রমণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। পিছিয়ে নেই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরও।  দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর গুয়ায়াকিলে করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। জনশূন্য রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে আছে মানুষের মরদেহ। কিছু মানুষ রাস্তা দিয়ে হেটে গেলেও কেউ এগিয়ে যাচ্ছেন না মৃতদেহের দিকে। দেশটির কর্তৃপক্ষ পড়ে থাকা সেসব মরদেহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করছেন।
সিএনএন এর তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারি আকার ধারন করায় জনবহুল এই শহরটিতে সব ধরনের সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে অসুস্থ রোগীদের রাখার মতো কোনো বেড খালি নেই । মর্গে, কবরস্থানে জায়গা পাওয়া যাচ্ছে না। এখানকার অনেক বাসিন্দা জানিয়েছেন, মরদেহ রাস্তায় ফেলে রাখা ছাড়া তাদের কোনো উপায় নেই।
ঠিক কতজন শহরটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তার কোনো সঠিক তথ্য নেই। অনেক পরিবার জানিয়েছে, তাদের স্বজনদের দেহে ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিচ্ছে। কিন্তু তারা এটাও জানেন, যারা অসুস্থ হবেন তারা চিকিৎসা পাবেন না। কারণ গুয়ায়াকিলে বেশিরভাগ হাসপাতালেই এখন রোগীর চাপ উপচে পড়ছে।
৩০ মার্চ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ফার্নান্দো এসপানা নামের এক ব্যক্তি বলছেন, ’আমাদের পরিবারে একজন সদস্য অসুস্থ হওয়ায় আমরা পাঁচ দিনে ধরে কর্তৃপক্ষের জন্য অপেক্ষা করছি। আমরা ৯১১ এ কল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি । তারা কেবল আমাদের অপেক্ষা করার জন্য বলছেন, কিন্তু কেউ আসছে না।’
এ অবস্থা অন্য পরিবারেও। হাসপাতালে জায়গা না পাওয়ায় অনেকে বিনা চিকিৎসায় বাড়িতেই মারা যাচ্ছেন।  দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ থেকে ৩০ মার্চের মধ্যে শহরটির বিভিন্ন বাড়ি থেকে ৩০০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ইকুয়েডরের ন্যাশনাল সার্ভিস অব রিস্ক এন্ড ইমার্জেন্সী ম্যানেজমেন্ট বিভাগ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪৫ জন। এর মধ্যে ১০২ জনই গুয়ায়িকি প্রদেশের, যেখানে গুয়ায়াকিল শহরটির অবস্থান। তবে আক্রান্ত  ও মৃতের সংখ্যা এর তুলনায় অনেক বেশি বলেই অনেকে মত দিয়েছেন।
এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই মাসে শুধু গুয়ায়াকিল শহরেই ২ হাজার ৫০০ থেকে শুরু করে ৩ হাজার ৫০০ জনের মৃত্যু হতে পারে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৯২৯ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ২৮৩ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৬ হাজার ৬৬৯ জন।


আরও পড়ুন

×