ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

লকডাউনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ব্রাজিলে বিক্ষোভ

লকডাউনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ব্রাজিলে বিক্ষোভ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২৩:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে দেশে চলছে লকডাউন। তবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের বিভিন্ন শহরে লকডাউন তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। সংক্রমণের ঝুঁকি নিয়ে শত শত মানুষ রাস্তায় নেমে এ বিক্ষোভ দেখান। বিক্ষোভে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শুক্রবার ফক্স নিউজে কিছু রাজ্যে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। এর দু’মিনিট পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাধীনতার ডাক দেওয়ার ভঙ্গিতে টুইটারে আলাদা আলাদ করে লেখেন, ‘মিশিগান স্বাধীন করো’, ‘মিনেসোটা স্বাধীন করো’,‘ভার্জিনিয়া স্বাধীন করো’। ট্রাম্পের এসব টুইটের পর তার সমর্থকেরা আরও বেশি করে রাস্তায় নেমে আসে।
আলজাজিরা অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার মেরিল্যান্ড রাজ্যের রাজধানী আন্নাপোলিসেতে কয়েকশ’মানুষ লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। টেক্সাসের রাজধানী অস্টিনেও দেখা গেছে একই চিত্র। এসব রাজ্যে গভর্নরের দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাটরা। তাদের লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে ক্ষিপ্ত ট্রাম্প।
ওই সব রাজ্যের পাশাপাশি রিপাবলিকান গভর্নর রয়েছেন এমন রাজ্যেও শনিবার বিক্ষোভ হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে চার শতাধিক মানুষ একত্র হয়ে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদে নামেন। এ রাজ্যের গভর্নর রিপাবলিকান। রাজ্যটিতে ৪ মে পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত রয়েছে। বিক্ষোভকারীরা তার আগেই লকডাউন তুলে নেওয়ার দাবি জানিয়েছেন।
কয়েকদিন আগে থেকেই মিনেসোটা, মিশিগান ও ভার্জিনিয়া রাজ্যের রাজধানীতে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে। বিপুল সংখ্যক মানুষ এসব বিক্ষোভে অংশ নিয়েছেন। তাদের বেশিরভাগের মুখে যেমন মাস্ক ছিল না, তেমনি সামাজিক দূরত্বও তারা মেনে চলেননি। শনিবারও এ বিক্ষোভ চলেছে।
ট্রাম্পের ‘স্বাধীনতার ডাক’ দেওয়ার পর শুক্রবার মিশিগানে অনেককে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে বিক্ষোভে যোগ দিতে দেখা গেছে। তারা মিশিগানের ডেমোক্র্যাট গভর্নর গ্রিচেন হুইটমারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। তবে অনেকেই রাস্তায় নেমেছিলেন যারা লকডাউনের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ এবং কর্মহীন হয়ে পড়েছেন।
যুক্তরাষ্ট্রে করোনা সংকট স্পষ্টতই রাজনৈতিক মোড় নিয়েছে। ট্রাম্প ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ার পক্ষপাতি হলেও বিভিন্ন রাজ্যের গভর্নরেরা তাতে রাজী নন।
একই চিত্র ব্রাজিলেও। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসানারো দ্রুত লকডাউন তুলে নেওয়ার পক্ষে। এ নিয়ে মতভেদের কারণে কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
স্থানীয় সময় শনিবার রিও ডি জেনিরো, সাও পাওলো এবং রাজধানী ব্রাসিলিয়াতে মানুষ গাড়ি নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা লকডাউনের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়াদের প্রায় সবাই প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থক।

আরও পড়ুন

×