করোনায় নিউইয়র্কে ২ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০২:৩৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৪:০৮
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মূল কেন্দ্র নিউইয়র্ক। এই রাজ্যটিতে দুই সপ্তাহ মধ্যে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার। তবে রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা কমে যাওয়ার মানে এই নয় যে, এখনই সবকিছু খুলে দেওয়া হবে।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।
স্থানীয় সময় শনিবার ডেমোক্র্যাট গভর্নর কুমো বলেন, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। ১ এপ্রিলের পর এ সংখ্যা সবচেয়ে কম। তার মানে এই নয় যে, সংকট কেটে গেছে। নিউইয়র্কে এখনও প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়।
নিউইয়র্কে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১ মার্চ। এরপর থেকে রাজ্যটিতে ১৩ হাজারের বেশি মানুষ ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন। অন্তত চার হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। স্বজনদের দাবি, তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে তাদের পরীক্ষা করা হয়নি। এই চার হাজার মৃতের সংখ্যা হিসাবে ধরা হয়নি।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে নিউইয়র্কে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। দেশটিতে সবমিলিয়ে মৃত্যু হয়েছে ৩৯ হাজার মানুষের।
