ভুলের মাশুল হিসেবে খাওয়ানো হলো জীবাণুনাশক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৩:০১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৩:১৭
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতের নানা স্থানেও জীবাণুনাশক ছিটানোর কাজ চলছে। সম্প্রতি দেশটিতে এই জীবাণুনাশক ছিটানোকে কেন্দ্র করে প্রাণ গেছে এক পরিচ্ছন্নকর্মীর।
ঘটনাটি উত্তরপ্রদেশের রামপুরের। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৪ এপ্রিল জেলার মোতিপুরা গ্রামে জীবাণুনাশক ছিটানোর কাজ করছিলেন কুনার পাল নামে এক তরুণ পরিচ্ছন্নকর্মী। সারা গ্রামে জীবাণুনাশক ছিটাতে ছিটাতে হঠাৎ করে তিনি ভুলবশত ওই গ্রামের বাসিন্দা ইন্দ্রপাল নামের এক ব্যক্তির পায়ে জীবাণুনাশক ছিটিয়ে দেন।
এতেই ক্ষেপে যান সেই ব্যক্তি। এরপর ইন্দ্রপালসহ গ্রামের এক দল দৃর্বৃত্ত ওই পরিচ্ছন্নকর্মীকে জোর করে মেশিন থেকে পাইপ দিয়ে জীবাণুনাশক খাইয়ে দেন।
ঘটনার পর পরই কুনারকে রামপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে মুরাদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ১৭ এপ্রিল সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কুনারের মৃত্যু হয়।
এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে কুনারের ভাই। পুলিশ মামলার তদন্ত করেছে।
