ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

কেরালায় রেস্তোরাঁ, সীমিত যান চালুর সিদ্ধান্ত

কেরালায় রেস্তোরাঁ, সীমিত যান চালুর সিদ্ধান্ত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৪:২৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৪:২৮

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও দক্ষিণের ছোট রাজ্য কেরালাতে সেই প্রভাব পড়েনি। শুরু থেকে ওই রাজ্যে করোনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ায় সেখানে আক্রান্ত ও মৃতের হার দেশটির অন্যান্য অঞ্চলের মতো ছড়ায়নি। এ কারণে বিশ্বের অনেক দেশই করোনা নিয়ন্ত্রণে কেরালাকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করছে।
এ পরিস্থিতিতে সোমবার থেকে কেরালার কয়েকটি জেলায় রেস্তোরাঁ এবং সীমিত পরিষরে প্রাইভেট যান চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ১৪ টি জেলার মধ্যে অন্তত ৭ জেলায় এ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতে ২১ দিনের লকডাউন চলাকালীন সময়ে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে কেরালাকে লাল, কমলা এ, কমলা বি এবং সবুজ এই চারটি অঞ্চলে ভাগ করার প্রস্তাব দেয়। তাতে পর্যায়ক্রমে অঞ্চলগুলির মধ্যে তিনটি অঞ্চলে নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে উল্লেখ করা হয়। তবে লাল বা রেড অঞ্চল ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কোনো কিছু শিথিল হবে না বলেও প্রস্তাবে জানানো হয়।
গত শুক্রবার কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রস্তাবগুলো মেনে নেয়। গত সাত দিনে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা একক অঙ্কে সীমাবদ্ধ ছিল। অন্যদিকে এই রাজ্যে করোনায় আক্রান্তদের সুস্থ হওয়ার হারও ধীরে ধীরে বাড়ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে  সবুজ এলাকা হিসেবে রাজ্যের দুটি জেলা কোট্টায়াম ও ইদুক্কিকে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হচ্ছে। কারণ এই দুই জেলায় এখন কোনো করোনা রোগী নেই। এছাড়া কমলা বি অঞ্চল হিসেবে রাজ্যের তিরুবনন্তপুরম, আলাপ্পুজা, ত্রিসুর, পালক্কাদ ও ওয়ায়নাড জেলাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে।
এদিকে রেস্তোরাঁ পাশাপাশি জেলাগুলোতে জোড়-বিজোড় হিসেবে প্রাইভেট গাড়ি চলাচলের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানসহ অন্যান্য জরুরি দোকানপাট সকাল ৭টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। তবে সব ধরনের উপাসনালয়, স্কুল-কলেজ, শপিং মল আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন

×