ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

আফগান প্রেসিডেন্টের ৪০ কর্মকর্তা করোনায় আক্রান্ত

আফগান প্রেসিডেন্টের ৪০ কর্মকর্তা করোনায় আক্রান্ত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০০:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারি বাসভবন ও কার্যালয় প্রেসিডেনশিয়াল প্যালেসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ২০ জনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল। তবে রোববার দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সে সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।

আফগান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এ ছাড়া ৭০ বছর বয়সী প্রেসিডেন্ট ঘানি করোনায় আক্রান্ত কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার আফগান সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রেসিডেনশিয়াল প্যালেসের কমবেশি ২০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আতঙ্ক ছড়ানোর আশঙ্কায় এই তথ্য প্রকাশ করা হচ্ছে না।

গত বৃহস্পতিবার প্রেসিডেনশিয়াল প্যালেসের টুইটার অ্যাকাউন্ট থেকে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট ঘানির ভিডিও কনফারেন্সের বিষয়ে তথ্য দেওয়া হয়। তবে এরপর যে ছবিগুলো প্রকাশ করা হয় তা ছিল মূলত ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে আফগান প্রেসিডেন্টের বৈঠকের ছবি।

সরকারি তথ্য অনুযায়ী, আফগানিস্তানে প্রায় এক হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ব্যাপকহারে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে কী পরিস্থিতি দাঁড়াবে তা নিয়ে চিন্তিত সেখানকার জনগণ।

আরও পড়ুন

×