ঘরে খাবার নেই, গোখরা সাপে মিটল ক্ষুধা
বিষধর গোখরা সাপ শিকার করে ক্ষুধা মেটান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। ফলে কর্মহীন অসংখ্য মানুষ। অনেকের ঘরেই দু’বেলা খাওয়ার মতো কিছু নেই। তাই একরকম বাধ্য হয়েই দেশটির অরুণাচল প্রদেশের কয়েকজন ব্যক্তি ১২ ফুটের একটি বিষধর গোখরা সাপ (কিং কোবরা) শিকার করে তা দিয়েই মেটালেন ক্ষুধা।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, তিন ব্যক্তি সাপটি নিজেদের কাঁধে জড়িয়ে রেখেছেন। তাদের দাবি, জঙ্গলে গিয়ে গোখরা সাপটি ধরেছেন তারা। এরপর সাপটি মেরে চামড়া ছাড়িয়ে পরিষ্কার করা হয়। টুকরো টুকরো করে কেটে টগবগে গরম পানিতে রান্না করা হয় বিষধর সাপটি। তা খেয়েই পেটের ক্ষুধা মেটান তারা।
ওই তিন ব্যক্তির একজন বলেন, লকডাউনের কারণে তাদের বাড়িতে এক দানা চালও নেই। জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে সাপটি পান তারা। বাধ্য হয়েই এ কাজ করতে হয়েছে তাদের।
তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই তিন ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বনবিভাগের কর্মকর্তারা।
ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গোখরা সাপ সংরক্ষিত প্রজাতির সরীসৃপ। এই সাপ শিকারে জামিন অযোগ্য ধারায় জেল হতে পারে। অরুণাচল প্রদেশে বিপুল পরিমাণে এই বিষধর সাপটির দেখা মেলে।
গবেষকরা সম্প্রতি গোখরা সাপের একটি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন। গত বছরের জুলাইয়ে অরুণাচল প্রদেশের পাক্কে টাইগার রিজার্ভ জঙ্গলে সাপটির সন্ধান পান তারা। বিখ্যাত উপন্যাস হ্যারি পটারের একটি চরিত্র ‘ট্রাইমিরসরাস সালাজার’ এর নামে নতুন প্রজাতির সাপটির নামকরণ করা হয়।
