ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনায় আক্রান্ত বয়স্কদের ‘অস্বাভাবিক’ সব উপসর্গ

করোনায় আক্রান্ত বয়স্কদের ‘অস্বাভাবিক’ সব উপসর্গ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ২৩:২২ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ২৩:২৭

কভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে আক্রান্ত অনেক বয়স্ক রোগীর মধ্যে বেশ কিছু ‘অস্বাভাবিক’ উপসর্গ দেখতে পেয়েছেন চিকিৎসকেরা। এসব লক্ষণের জন্য ওই বয়স্ক ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত নন মনে করে চিকিৎসকেরা রীতিমতো বিভ্রান্ত হচ্ছেন। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাধারণভাবে করোনাভাইরাসের লক্ষণ তিনটি। এগুলো হলো- জ্বর, কাশি ও তীব্র শ্বাসকষ্ট। তবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা কয়েকজন বয়স্ক করোনা আক্রান্তকে শনাক্ত করেছেন যাদের এসব কোনো লক্ষণই নেই।

মত্যুর ঝুঁকিতে থাকা করোনা আক্রান্ত এসব বয়স্ক মানুষেরা বরং ‘অস্বাভাবিক’ আচরণ করতে শুরু করেন। তারা স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে ঘুমান। খাওয়া বন্ধ করে দেন। অস্বাভাবিকভাবে উদাসীন হয়ে পড়েন। কথা বন্ধ করে দেন এবং অনেক সময় হঠাৎ করেই পড়ে যান।

যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের জেরিয়াট্রিক্স ও জেরোনটোলজি বিশেষজ্ঞ ডা. ক্যামিল ভন বলেন, অনেক বয়স্ক মানুষের করোনার সাধারণ কোনো উপসর্গ নেই। কিন্তু পরীক্ষার পর দেখা গেছে তারা করোনায় আক্রান্ত।

বয়স্কদের শরীরে কোনো রোগ বা সংক্রমণের বিস্তার ঘটার সময় কী প্রতিক্রিয়া হয় তার সঙ্গে এমন অস্বাভাবিক উপসর্গের সম্পর্ক থাকতে পারে। ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের শ্মিট কলেজ অব মেডিসিনের অধ্যাপক ডা. জোসেফ অসল্যান্ডার বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। তখন শরীরের তপামাত্রা নিয়ন্ত্রণ করার ধরনেও পরিবর্তন হয়ে যেতে পারে। এ ছাড়া তারা আগে থেকেই যেসব জটিল রোগে ভুগছিলেন সেসব রোগ করোনার উপসর্গ ঢেকে দিতে পারে বা বাধা হয়ে দাঁড়াতে পারে। এ কারণেই হয়তো অনেক বয়স্ক মানুষের মধ্যে করোনার স্বাভাবিক উপসর্গ নাও দেখা দিতে পারে। আবার অনেকের স্ট্রোকের ইতিহাস থাকতে পারে। স্ট্রোকের রোগীদের অনেক সময় কাশির ধরন বদলে যায়।

করোনার স্বাভাবিক উপসর্গ দেখা না দেওয়ায় অনেক ক্ষেত্রে এ সমস্ত বয়স্ক মানুষেরা মৃত্যুর ঝুঁকিতে পড়ে যান। চিকিৎসা দেওয়ার আগেই তাদের অনেকেই ঢলে পড়তে পারেন মৃত্যুর কোলে।

আরও পড়ুন

×