দুই সপ্তাহে আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০ | ০৭:৪৬
আফ্রিকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা এখন ৩২ হাজার। অন্য মহাদেশগুলোর তুলনায় এই সংখ্যাকে খুব বেশি মনে করা হচ্ছে না। এশিয়া, ইউরোপ আর অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। মারা গেছে এ পর্যন্ত ২ লাখ ১১ হাজারের বেশি।
তবে আফ্রিকায় আক্রান্তের হার কম হলেও আশঙ্কা করা হচ্ছে অসংখ্য মানুষ হয়তো অশনাক্ত অবস্থায় এ মারণ ভাইরাস বয়ে চলেছে নিজেদের শরীরে। দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়া থেকে এ আশঙ্কা করা হচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।
এর আগে ইকোনমিক্স কমিশন ফর আফ্রিকা আভাস দিয়েছে যে, কোভিড-১৯ মহাদেশটিতে ৩ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটাতে পারে। কোনো কোনো বিশেষজ্ঞ অবশ্য তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তবে আফ্রিকার দেশগুলোর কর্তাদের সমস্যা হলো করোনাভাইরাস শনাক্ত ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে তাদের।
মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। ২০ কোটি মানুষের বাস দেশটিতে। তারা স্বীকার করেছে, করোনাভাইরাস টেস্টের ব্যাপারটা তাদের কাছে অপরিচিতই ছিল। কিন্তু কানো রাজ্যে রহস্যময় মৃত্যুর খবর শুনে এ ব্যাপারে সচেতন হতে থাকে। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সোমবার পর্যন্ত মৃত ৪০ আর আক্রান্ত ১,২৭৩।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি সোমবার বলেছেন, কানো রাজ্যে এই ‘দুভাগ্যজনক’ প্রাদুর্ভাবে আমি গভীরভাবে দুঃখিত।
নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর মহাপরিচালক ড. চিকাওয়ে হাইকেওয়াজি বলেন, তার দেশ সত্যিকার অর্থেই এখন সমস্যায় পড়েছে। তাদের যা আছে, তাই নিয়েই কাজ করে যেতে হবে। তিনি বলেন, আমাদের যদি আরো ল্যাবরেটরি থাকত, আরো ভেন্টিলেটরসহ অন্যান্য সুবিধা থাকত! কিন্তু আমাদের তা নেই। অথচ এটাই এখন সবচেয়ে বেশি দরকার।
নাইজেরিয়ার মতোই একই সমস্যায় আছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান, বুরুন্ডি, সোমালিয়া, গাম্বিয়া, জিম্বাবুয়ে, লিবিয়া, মালি, জাম্বিয়া, আলজেরিয়া ও মোজাম্বিক।
- বিষয় :
- আফ্রিকা
- করোনার প্রাদুর্ভাব