লকডাউনের মধ্যে বাজার করতে গিয়ে বউ নিয়ে ফিরলেন তিনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০১:০৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ০১:৩৩
করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যে প্রয়োজন ছাড়া কেউ খুব একটা বাইরে বের হচ্ছেন না। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদ শহরের ২৬ বছর বয়সী গুড্ডু জরুরি প্রয়োজনেই বেরিয়েছিলেন বাড়ি থেকে। কিছু বাজার করতে। তবে এই ব্যক্তিটি বাড়ি ফিরেছেন বউ নিয়ে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ছেলের গোপনে বিয়ে ও হঠাৎ বউকে নিয়ে বাড়ি ফেরার কাণ্ড দেখে বিস্মিত মা। তিনি এতটাই আঘাত পেয়েছেন যে, নতুন বউকে নিয়ে ছেলেকে বাড়িতেই ঢুকতে দেননি। পরে তিনি থানায় যান ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে।
অশ্রুশিক্ত চোখে গুড্ডুর মা বলেন, 'গতকাল ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম। আর সে কিনা ফিরল বউ নিয়ে। এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি।'
আসলে গুড্ডু বিয়েটি করেছিলেন দুই মাস আগে। তবে সাক্ষীর অভাবে বিয়ের সনদ সংগ্রহ করতে পারেননি। সনদ সংগ্রহ করার চেষ্টার মধ্যেই শুরু হয়ে যায় লকডাউন।
গুড্ডু জানান, এই লকডাউনের কারণেই স্ত্রীকে বাড়িতে আনতে বাধ্য হয়েছেন তিনি। তার স্ত্রী সাবিতা দিল্লির একটি ভাড়া বাড়িতে থাকেন। লকডাউনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাড়ির মালিক সাবিতাকে বাড়িটি ছেড়ে দিতে বলেন। এরপরই স্ত্রীকে বাড়িতে নিয়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি।
সাহিবাবাদ থানার পুলিশ সাবিতার বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছে। সাবিতাকে দিল্লিতে থাকতে দিতে বাড়িওয়ালাকে নির্দেশ দিয়েছে পুলিশ।
- বিষয় :
- করোনাভাইরাস
- লকডাউন
- ভারত