ভারতে করোনায় মৃতদের ৬৫ ভাগই পুরুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২০ | ০১:৫০
ভারতে করোনায় নারীর তুলনায় পুরুষদের মৃত্যুর হার বেশি। তার মধ্যে অর্ধেকের বয়স ৬০ বছরের ওপরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৭৪ জনের। তার মধ্যে ৬৫ শতাংশ পুরুষ। এর থেকেই ধারণা করা হচ্ছে করোনায় নারীদের চেয়ে পুরুষেরই মৃত্যু হয় বেশি।
২২ এপ্রিল জার্নাল অফ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি সমীক্ষায় নিউইয়র্ক শহরের ১২টি হাসপাতালে ভর্তি প্রায় ৫৭০০ কোভিড রোগীর ওপর পরীক্ষা করে দেখা যায়, তার মধ্যে ৬০ শতাংশই পুরুষ। এরই মধ্যে যে ৩৭৩ জন রোগী গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি তাদের মধ্যেও ৬৬.৫ শতাংশই পুরুষ। এদের সবার মধ্যেই রয়েছে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ এবং স্থূলতার সমস্যাও। ভারতীয় রোগীদের ক্ষেত্রেও ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, কিডনি ও হার্টের সমস্যা বড় সংকট ডেকে আনছে করোনা রোগীদের ক্ষেত্রে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল জানিয়েছেন, এই তথ্য থেকে স্পষ্ট বয়স্ক মানুষ এবং যাদের এই সব রোগ রয়েছে তাদের অতিরিক্ত সাবধাণতা অবলম্বন করা প্রয়োজন। দিল্লির মূলচাঁদ হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, এই ধরনের রোগ থাকলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না।