ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

এ বছরই পাওয়া যেতে পারে করোনার টিকা: চীন

এ বছরই পাওয়া যেতে পারে করোনার টিকা: চীন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০০:৩৪ | আপডেট: ৩১ মে ২০২০ | ০১:০৬

নতুন করোনাভাইরাসের টিকা চলতি বছরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে বলে জানিয়েছে চীন। দেশটির একটি সরকারি সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের একটি টিকা এ বছরেই প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের টিকা তৈরির দৌঁড়ে প্রথম হতে চাচ্ছে চীন।

চীনের সরকারি প্রতিষ্ঠান অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশন (এসএএসএসি) শুক্রবার এক টুইটার পোস্টে জানিয়েছে, রাষ্ট্র নিয়ন্ত্রিত দু’টি প্রতিষ্ঠান টিকা তৈরির কাজে যুক্ত রয়েছে। এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতেই টিকা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস টিকা তৈরির কাজে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠান দু’টি দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করেছে। এরই মধ্যে দুই হাজার ব্যক্তির শরীরে পরীক্ষামূলকভাবে টিকার প্রয়োগ করা হয়েছে।

এসএএসএসি জানিয়েছে, বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস প্রতি বছর টিকাটির ১০ থেকে ১২ কোটি ডোজ উৎপাদন করতে সক্ষম।

চীনে এই মুহূর্তে করোনাভাইরাসের পাঁচটি টিকা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। একক দেশ হিসেবে যা সর্বোচ্চ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, টিকার সফলতা মিললে তা সব জাতির জন্য উন্মুক্ত রাখা হবে।

তবে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, অতীতে চীনে তৈরি টিকার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বছরের মধ্যেই করোনাভাইরাসের টিকা পেতে বেশ আগ্রাসী দেখা যাচ্ছে চীনকে। অবশ্য এর আগে ধারণা করা হচ্ছিল, এই টিকা তৈরিতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও দেশটির করোনা টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ডা. অ্যান্থনি ফুচি বলেছিলেন, এ বছর নভেম্বরের মধ্যেই নতুন করোনাভাইরাসের টিকা পাওয়া যেতে পারে। এফডিএর দ্রুত টিকা পরীক্ষাগুলোর পর্যবেক্ষণ সেটিই বলছে।

যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্ট বিপুল পরিসরে টিকার কর্মসূচি চালাতে ইতোমধ্যে ১০ কোটি ডলারের সুই ও সিরিঞ্জ সরবরাহের অনুমোদন দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে ১০০টির বেশি করোনাভাইরাসের সম্ভাব্য টিকা নিয়ে পরীক্ষা চলছে। চলতি সপ্তাহে আরও ১০টি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে মানুষের শরীরে।

দুই বছরের বাণিজ্য যুদ্ধের রেশ কাটতে না কাটতেই করোনাভাইরাসের টিকা আবিষ্কার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করোনাভাইরাসকে ‘উহান ভাইরাস’ বলে থাকেন। তার দাবি, চীন ওই ভাইরাস ছড়িয়ে দেওয়ার পর তা গোপন করেছিল। যদিও নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প।

আরও পড়ুন

×