ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

জি-৭ সম্মেলন পেছাচ্ছে, ভারত-রাশিয়াকে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প

জি-৭ সম্মেলন পেছাচ্ছে, ভারত-রাশিয়াকে আমন্ত্রণ জানাবেন ট্রাম্প
×

শনিবার জি-সেভেন সম্মেলন স্থগিতের ঘোষণা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বিবিসি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০০:৪৮ | আপডেট: ৩১ মে ২০২০ | ০১:০৫

বিশ্বের উন্নত প্রথমসারির সাত দেশের অর্থনৈতিক জোটের (জি-৭) বার্ষিক সম্মেলন আপাতত স্থগিত করে দিয়েছেন এবারের স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জুনেই জি-৭ সম্মেলন হওয়ার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে আগামী সেপ্টেম্বরে আয়োজনের কথা জানিয়েছেন তিনি। জোট থেকে বহিষ্কার হওয়া দেশ রাশিয়াসহ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকে এবারের সম্মেলনে আমন্ত্রণের কথা জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসি ও এনডিটিভির।

এয়ার ফোর্স ওয়ানে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘জি-সেভেন সামিট স্থগিত করছি। কারণ আমার মনে হচ্ছে বিশ্বের বর্তমান পরিস্থিতি সঠিকভাবে উপস্থাপন করতে পারবে না জি-৭। জোটটি অনেক পুরনো হয়ে গেছে।’

ট্রাম্প জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগে বা পরে জি-সেভেন সম্মেলন হতে পারে।

জি-৭ সম্মেলনে প্রথম বিশ্বের দেশগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করে। সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন উপস্থিত থাকে এ বার্ষিক সম্মেলনে। তবে এবার ভারতসহ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানাতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, আগামী সেপ্টেম্বরের জি-সেভেন সামিটে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন তিনি। 

গত সপ্তাহে হোয়াইট হাউসের ভেতরে যথাসময়ে সম্মেলন অনুষ্ঠানের কথা বলেছিলেন ট্রাম্প। সেটি জানিয়ে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে আমন্ত্রণও জানিয়ে ছিলেন তিনি। তবে করোনা পরিস্থিতিতে সশরীরে উপস্থিত হতে রাজি নন জানিয়ে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন মেরকেল। শেষমেষ সম্মেলন স্থগিতের কথা জানালেন ট্রাম্প। 

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই ওই সম্মেলন দিয়ে ট্রাম্পের অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন

×