ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ভারতে একদিনেই আক্রান্ত প্রায় ১০ হাজার

ভারতে একদিনেই আক্রান্ত প্রায় ১০ হাজার
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০১:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। একদিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। করোনায় আক্রান্ত বেড়ে যাওয়ায় বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এরইমধ্যে লকডাউন শিথিল ও আগামী ৮ জুন থেকে তা ধাপে ধাপে তোলার পরিকল্পনায় সংক্রমণের ঝুঁকি আরও বাড়লো। এতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। খবর এনডিটিভির।

করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৫১ জন। এ নিয়ে সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন। আক্রান্তের দিক থেকে এখন শীর্ষ ১০ দেশের মধ্যে সাত নম্বরে ভারত। এ হিসেবে কভিড মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন এবং ইতালির পরে ভারতের অবস্থান। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দেশে ওই ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭৩ জন। এখন পর্যন্ত এটিও একদিনের হিসেবে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনাভাইরাস দেশটিতে প্রাণ কেড়েছে  মোট ৬ হাজার ৩৪৮ জনের।

এদিকে ভারতে করোনা সংক্রমণ বাড়লেও পাশাপাশি বাড়ছে সুস্থ হওয়ার হারও। এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৪৬২ জন মানুষ সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার হার এখন ৪৮.২৭ শতাংশে পৌঁছেছে।

করোনায় ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখন পর্যন্ত ২ হাজার ৭১০ জন মারা গেছেন এ রাজ্যে। এর পরই রয়েছে গুজরাট। এ রাজ্যে মারা গেছেন ১ হাজার ১৫৫ জন। রাজধানী দিল্লিতে ৬৫০ জনের প্রাণ কেড়েছে করোনা। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৩৭৭) ও পশ্চিমবঙ্গ (৩৫৫)। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ (২৪৫), তামিলনাড়ু (২২০), রাজস্থান (২১৩) ও তেলেঙ্গানা (১০৫)।

দেশে সংক্রমণেরও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরই তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। প্রায় দেড় লাখ আক্রান্ত রয়েছে এ চারটি রাজ্যে। গত ২৪ ঘণ্টায় প্রায় তিন হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৭৯৩ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২৭ হাজার ২৫৬ জন। এর পরই রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার। গুজরাটে ১৮ হাজার ৫৮৪ জন আক্রান্ত। এর পর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৯,৮৬২), উত্তরপ্রদেশ (৯,২৩৭), মধ্যপ্রদেশ (৮,৭৬২), পশ্চিমবঙ্গ (৬,৮৭৬), বিহার (৪,৪৯৩), কর্নাটক (৪,৩২০), অন্ধ্রপ্রদেশ (৪,২২৩), হরিয়ানা (৩,২৮১), তেলঙ্গানা (৩,১৪৭), জম্মু ও কাশ্মীর (৩,১৪২), ওড়িশা (২,৪৭৮), পাঞ্জাব (২,৪১৫), আসাম (১,৯৮৮),  কেরালা (১,৫৮৮) ও উত্তরাখণ্ড (১,১৫৩)।

এমন পরিস্থিতিতে হর্ষ বর্ধন বলেছেন, দেশে যেভাবে কভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগের। তিনি করোনার বিস্তার নিয়ন্ত্রণে আরও বেশি করে নজরদারি, মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখাসহ কভিড-১৯ টেস্টের পরীক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন। 

আরও পড়ুন

×