গৃহকর্মী হত্যার দায়ে গ্রেপ্তার পাকিস্তানি দম্পতি
গ্রেপ্তার পাকিস্তানি দম্পতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০২:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সাত বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের এক দম্পতিকে। একটি পোষা পাখিকে ছেড়ে দেওয়ার অভিযোগে গুরুতরভাবে মারধর করায় ওই গৃহকর্মীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। পাকিস্তানে শিশু গৃহকর্মী হত্যার এটাই সর্বশেষ ঘটনা। খবর ডন অনলাইনের।
পুলিশ জানিয়েছে, রাজধানী ইসলামাবাদের কাছাকাছি শহর রাওয়ালপিন্ডির বাসিন্দা হাসান সিদ্দিকী তাদের শিশুপুত্রের সমবয়সী জোহরা বিবিকে গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ দেয়। পুলিশের তদন্তকারী কর্মকর্তা মুখতার আহমদ জানান, প্রাথমিক পর্যায়ে জানা গেছে, ওই দম্পতির পোষা চারটি ম্যাকাও তোতার একটি গৃহপরিচারিকার অসাবধনতায় খাঁচা ছেড়ে পালিয়ে যায়।
ব্যাপারটা ক্রোধে উন্মত্ত করে তোলে গৃহকর্তা হাসান সিদ্দিকীকে। তিনি মেয়েটির তলপেটে লাথি মারতে থাকেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারপর দিন সে মারা যায়।
জোহরা বিবিকে কাজ করার জন্য রাওয়াল পিন্ডি থেকে ৫০০ কিলোমিটার দূরের এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল।। ময়নাতদন্তের পর শিশুটির মরদেহ তার বাবা-মার কাছে হস্তান্তর করা হয়।