জুনেই সীমান্ত খুলে দিতে চায় ইইউ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৩:৩৩ | আপডেট: ০৫ জুন ২০২০ | ০৪:১০
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে চলতি জুন মাসেই সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোনিউজকে দেওয়া সাক্ষাৎকারে কমিশনের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কিত কমিশনার ইলভা জোহানসন এ কথা জানিয়েছেন।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপজুড়ে করোনাভাইরাসজনিত পরিস্থিতির ‘দ্রুত উন্নতি হচ্ছে’ দাবি করে সদস্য দেশগুলোর উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এ আহ্বান জানিয়েছে। ইউরোপের অন্য দশেগুলোও গ্রীষ্মে পর্যটন মৌসুমকে সামনে রেখে যত দ্রুত সম্ভব সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার তৎপরতা শুরু করেছে।
ইইউভুক্ত দেশগুলোর মধ্যে সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শুক্রবারের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন জোহানসন।
ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল তা এখন ধাপে ধাপে তুলে নেওয়া হচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি দেশ তাদেও সীমান্ত খুলে দিয়েছে।
গত বুধবার সীমান্ত খুলে দিয়েছে ইতালি। একইদিন ইতালি ছাড়া প্রতিবেশি সব দেশের জন্য সীমান্তু উন্মুক্ত করে দিয়েছে অস্ট্রিয়া। ১ জুলাই শুধু প্রতিবেশি দুই দেশ ফ্রান্স ও পর্তুগালের জন্য সীমান্ত খুলে দেবে স্পেন। বেলজিয়াম ১৫ জুন সীমান্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্স শেনঝেনভুক্ত দেশগুলোর জন্য সীমান্ত উন্মুক্ত করে দিতে ১ জুলাই।
তবে ইউরোপের অনেক দেশ এখনও সীমান্ত খুলে দিতে প্রস্তুত নয়। আবার সদস্য রাষ্ট্রগুলোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এখতিয়ারও নেই ইউরোপিয়ান কমিশনের। ফলে সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ইইউকে বেশ বেগ পেতে হতে পারে বলে মনে করা হচ্ছে।