ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনায় রাশিয়াকেও ছাড়িয়ে যাচ্ছে ভারত

করোনায় রাশিয়াকেও ছাড়িয়ে যাচ্ছে ভারত
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০০:০৩

প্রাণঘাতী করোনাভাইরাসে দিশেহারা ভারত। দেশটিতে লকডাউন শিথিল করার পর থেকেই প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে মহামারি ভাইরাসটির সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংখ্যক সাড়ে ২২ হাজার আক্রান্ত হয়েছেন। সংক্রমণের এমন প্রবণতায় আশংকা করা হচ্ছে, আর দুই-একদিনের মধ্যেই বৈশ্বিক তালিকায় রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে চলে যাবে ভারত। এখন রাশিয়া থেকে মাত্র ১৭ হাজার পেছনে রয়েছে ভারত। দেশটিতে প্রতিদিন আক্রান্ত হচ্ছে ২০ থেকে ২২ হাজার মানুষ, অন্যদিকে রাশিয়ায় আক্রান্ত হচ্ছে ছয়-সাত হাজার করে। বৈশ্বিক তালিকায় বর্তমানে শীর্ষে যুক্তরাষ্ট্র ও তারপরেই ব্রাজিল। খবর এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় শনিবার সকালের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ, শুক্রবার একদিনে করোনায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ হাজার ৭৭১ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬৫৫ জনে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান মতে, এ পর্যন্ত ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৭ জন। সুস্থ হওয়ার হার ৬০ শতাংশ। এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৩৩ জন।

দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৯০ জন। শুক্রবার একদিনে এ রাজ্যে মারা গেছেন ১৯৮ জন। এ নিয়ে মোট রাজ্যটিতে মোট প্রাণহানি ঘটলো ৮ হাজার ৩৭৬ জনের।

 করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় তামিলনাড়ু রাজ্যে আক্রান্ত এক লাখ পেরিয়ে গেছে। শুক্রবার একদিনে এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ৭২৭ জন। এ রাজ্যে এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৩৮৫ জন। 

রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪৭ জন। এ নিয়ে দিল্লিতে মোট আক্রান্ত ৯৪ হাজার ৬৯৫ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৯২৩ জন। 

এছাড়া পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছে ২০ হাজার ৪৮৮ জন আর মৃত্যু হয়েছে ৭১৭ জনের।

আরও পড়ুন

×