ইসরায়েলি দুই প্রতিষ্ঠানের সঙ্গে আমিরাতের গ্রুপ ৪২ কোম্পানির চুক্তি সই
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০০:৩৫
সংযুক্ত আরব আমিরাতের গ্রুপ ৪২ কোম্পানির সঙ্গে সহযোগিতামূলক চুক্তি সই করেছে ইসরায়েলের দুটি প্রতিষ্ঠান। লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকার এক প্রতিবেদনে এসব চুক্তির কথা জানা গেছে। করোনাভাইরাসের মহামারির মধ্যেই ইসরায়েলের সঙ্গে এই চুক্তি করল আমিরাত। খবর মিডল ইস্ট মনিটরের।
আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা জানিয়েছে, আবুধাবিভিত্তিক গ্রুপ ৪২ ইসরায়েলের ইন্ডাস্ট্রিজ এবং রাফায়েল নামের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। আমিরাতের দাবি, করোনাভাইরাসের মহামারি মোকাবেলার ক্ষেত্রে প্রযুক্তিগত সমাধানের জন্য ইসরায়েলের দুটি প্রতিষ্ঠানের চুক্তি করা হয়েছে। ইসরায়েলের এ দুটি কোম্পানি যুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত এবং তারা ইসরায়েলকে সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করে।
গত ২৬ জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে যৌথভাবে ইসরায়েলের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় উপকরণ তৈরির ঘোষণা দেয়। ওইদিনই ইসরায়েলের গণমাধ্যম জানায়, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে করোনাভাইরাস শনাক্ত করার জন্য এক লাখ টেস্ট কিট দিয়েছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক না থাকলেও দেশটিকে করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে সহযোগিতা করে যাবে তেল আবিব।
- বিষয় :
- করোনাভাইরাস
- মহামারি
- চুক্তি সই