কুকুরের মাংস কেনাবেচা নিষিদ্ধ নাগাল্যান্ডে
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০১:২৬
ভারতের নাগাল্যান্ড রাজ্যে কুকুরের মাংস আমদানি, রপ্তানি ও বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আরোপিত এ নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে পশু অধিকার কর্মীরা। তবে এ নিষেধাজ্ঞাকে ওই রাজ্যের খাদ্যশৃঙ্খলার ওপর অপ্রত্যাশিত ও অহেতুক আঘাত বলে দাবি করছে নাগরিক সমাজের কিছু অংশ। খবর বিবিসি অনলাইনের।
কুকুরের মাস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রদানের দাবি নিয়ে আন্দোলন করে আসছিল রাজ্যের পশু অধিকারকর্মীরা। তাদের অব্যাহত আন্দোলনের পর এই ঘোষণাকে বড় ধরনের টার্নিং পয়েন্ট বলে আখ্যায়িত করা হচ্ছে। এর ফলে ভারতে কুকুরকে নিষ্ঠুরভাবে হত্যা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ভারতের বিভিন্ন অংশে কুকুরের মাংস খাওয়া বেআইনি। কিন্তু উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার কিছু সম্প্রদায়ের কাছে তা উপাদেয় খাদ্য। তবে নাগাল্যান্ডের মুখ্য সচিব তেমজেন টয় শুক্রবার এক টুইটে বলেছেন, কুকুর আমদানি, বাণিজ্য, কুকুরের বাজার এবং কুকুরের মাংসের কেনাবেচা নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। একই সঙ্গে এই মাংস রান্না বা কাঁচা যে কোনো অবস্থায় তার কেনাবেচাও নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা সরকার কীভাবে প্রয়োগ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি।
পশু অধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের মধ্যে এফআইএপিও অন্যতম। এ ছাড়া আছে এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেলস (পেটা)। তারা সবাই নাগাল্যান্ডে কুকুরের মাংস বিক্রির বিরোধিতা করে এগিয়ে থাকা সংগঠনের মধ্যে অন্যতম। এ ছাড়া অনেক বছর ধরে একই দাবিতে আন্দোলন করে আসছে দ্য হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল (এইচএসআই)। তারাও নাগাল্যান্ড সরকারের সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে। এইচএসআইয়ের মতে, নাগাল্যান্ডে প্রতি বছর কমপক্ষে ৩০ হাজার কুকুর পাচার করা হয়। তাদের জীবিত অবস্থায় বিক্রি করা হয়। এরপর জঙ্গলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
- বিষয় :
- কুকুরের মাংস
- পশু অধিকার কর্মী