আবার করোনার টেস্ট করালেন বলসোনারো
জায়ের বলসোনারো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৩:৫৯
ব্রাজিলে করোনার শুরু থেকেই বেশ নাকউঁচু ভাব দেখিয়ে এসেছেন ব্রজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। তারপর পুরো ব্রাজিল যখন প্রাণঘাতী এই মহামারির ছোবলে লণ্ডভণ্ড, তখনো সুর নরম হয়নি তার। তার উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণে লাতিন আমেরিকায় করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে দেশটি। তবু তিনি পাত্তা দেননি। কিন্তু শেষ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণ নিয়েছেন তিনিও। সোমবার তিনি আবারও করোনার টেস্ট করিয়েছেন। তবে টেস্টে তার ফল নেগেটিভ এসেছে বলে দাবি করেছেন। খবর আল জাজিরা, সিএনএনের।
সোমবার ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, প্রেসিডেন্টের শরীরে জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার বেশ কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে।সে কারণে সোমবার তিনি করোনা টেস্ট করান। ফুসফুসও টেস্ট করান। এরপর প্রেসিডেন্ট প্যালেসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি করোনা টেস্ট করিয়েছি। ফুসফুস টেস্ট করিয়েছি। আমার ফুসফুস পরিস্কার। কোনো সমস্যা নেই।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রেসিডেন্ট জায়ের বলসোনারো শুরু থেকে করোনাকে পাত্তা দেননি। তিনিও ট্রাম্পের সুরে সুর মিলিয় কথা বলেছেন।করোনাকে তিনি সাধারণ ফ্লু হিসেবেই বিবেচনা করছেন। করোনার সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করারও বিপক্ষে ছিলেন তিনি। করোনা নিয়ে তার এমন উদাসীনতার কারণে দুইজন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। তারপরও তিনি করোনাকে গুরুত্বের সঙ্গে দেখেননি। তবে এখন তাকেও মাস্ক পরতে দেখা যাচ্ছে।