ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাপানে বিরল খনিজের চুক্তির সঙ্গে নোবেল মনোনয়নও পেলেন ট্রাম্প

জাপানে বিরল খনিজের চুক্তির সঙ্গে নোবেল মনোনয়নও পেলেন ট্রাম্প
×

মার্কিন নৌঘাঁটিতে ডোনাল্ড ট্রাম্প ও সানায়ে তাকাইচি। মঙ্গলবার জাপানের ইয়োকোসুকায়। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১৮:৩১

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতি, নোবেল পুরস্কারের মনোনয়ন ও প্রশংসা। জাপান সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আতিথেয়তা দিতে যেন কোনো কমতি রাখলেন না নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

ডোনাল্ড ট্রাম্পও ভূয়সী প্রশংসা করলেন তাকাইচির। বলেন, ‘আপনার যা কিছু প্রয়োজন, যে কোনো সহায়তা, যে কোনো কিছু... যুক্তরাষ্ট্র দিতে প্রস্তুত।’

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও তাকাইচি বিরল খনিজ নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এ ছাড়া, স্বাক্ষর করেছেন দুই দেশের ‘সোনালি যুগ’ ঘোষণার নথিতে। এর আওতায় আছে, শুল্কসহ আগের চুক্তিগুলো বাস্তবায়নের অঙ্গীকার। 

সম্প্রতি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকাইচি। সপ্তাহখানেকের মাথায় মার্কিন প্রেসিডেন্টকে আতিথেয়তা দিতে হলো তাঁকে। সামলাতে হলো কূটনৈতিক চাপও। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর প্রথম পরীক্ষায় ট্রাম্পকে স্বাগত জানাতে তাকাইচি কোনো কমতি রাখেননি। ট্রাম্পকে খুশি করার জন্য আগামী বছরের নোবেল পুরস্কারে মনোনয়ন দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

টোকিওর আকাশাকা প্রাসাদের অতিথিশালায় বেশ ফুরফুরে মেজাজে থাকা ট্রাম্প; তাকাইচির উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস আপনি জাপানের ইতিহাসে অন্যতম সেরা প্রধানমন্ত্রী হবেন।’

বিবিসি বলছে, ট্রাম্প মূলত জাপানের গাড়ি, কৃষিপণ্য ও প্রযুক্তিখাতের বাজারে আরও প্রবেশাধিকার চাইছেন। তিনি জাপানকে আরও বেশি আমেরিকান চাল ও সয়াবিন কিনতে চাপ দিচ্ছেন।

টোকিওর অর্থনীতি যেহেতু রপ্তানি নির্ভর তাই অটোর মতো শিল্পখাতে তারা শুল্ক যুদ্ধের ঝুঁকি নিতে রাজি না। ট্রাম্প পারস্পরিক শুল্ক ঘোষণার পর দেশটির গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ১০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়ে। আলোচনার ভিত্তিতে দেশটি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে এনেছে।

আরও পড়ুন

×