লকডাউন ভুলে কলকাতায় রামপূজা বিজেপি নেতার, মামলার প্রস্তুতি পুলিশের
রামমন্দিরে পূজার আয়োজন করেন বিজেপি নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০৩:৪৫
অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন রাম মন্দিরের শিলান্যাস করছেন, ঠিক সে সময় কলকাতাতেও ধুমধাম করে ভগবান রামের পূজার আয়োজন করেছিলেন এক বিজেপি নেতা। দক্ষিণ কলকাতার অর্ফানগঞ্জ রোডে রামমন্দিরে পূজার আয়োজন করা হয়েছিল। ছোট-বড় সব বয়সী মিলিয়ে কয়েক শত জমায়েত হয়েছিল। তাতেই লকডাউনের বিধি ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পুলিশ। সে অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ওয়াটগঞ্জ থানা। বুধবার আলিপুর আদালত রাকেশের বিরুদ্ধে মামলা করার আবেদন জানায় পুলিশ। লকডাউনে সরকারি আদেশ অমান্য করার অভিযোগ রাকেশের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি হওয়ার কথা। খবর নিউজ এইটিনের।
রাকেশ সিং নামের ওই বিজেপি নেতার আয়োজিত রামপূজা ছিল ওইদিন কলকাতার অন্যতম আকর্ষণ। কারণ সেখানে রামের মূর্তির নয়, দশ বছরের এক কিশোরকে ভগবান রাম সাজিয়ে পূজা করা হয়েছে। সমবয়সী এক বালিকাকে সীতা ও অন্য এক কিশোরকে হনুমান সাজানো হয়েছে। জলজ্যান্ত রাম-সীতাকে দেখার আকর্ষণেই বহু মানুষ এসেছিলেন এই পূজা দেখতে। ছিল শিশুরাও। তাতেই লকডাউন মানা হয়নি বলে অভিযোগ পুলিশের।
অযোধ্যায় রাম মন্দির শিলান্যাস হওয়ার পরই অর্ফানগঞ্জ রোডের মন্দিরে আতশ পুড়িয়ে আনন্দ উদযাপন করা হয়। ভক্তরা মিলে গানের তালে নাচেও সামিল হন। সেখানে অবশ্য সামাজিক দূরত্বের বালাই ছিল না। বিজেপি নেতা রাকেশ বলেন, ৫০০ বছর পর আজ হিন্দুদের স্বপ্ন পূরণ হচ্ছে। সেজন্য আজ প্রত্যেক হিন্দুর কাছে আনন্দের দিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।
- বিষয় :
- রাম মন্দির
- নরেন্দ্র মোদি
- রামের পূজা
