রাশিয়ার সম্পদ ইউক্রেনকে ঋণ দিতে আপত্তি বেলজিয়ামের
ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনে ভ্লাদিমির জেলেনস্কি। সামনে বসা (ডানে) বেলজিয়ামের প্রধানমন্ত্রী। ছবি: এএফপি
ইউরো নিউজ
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫ | ২০:৪৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৩
ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসছেন। ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে অন্তত ৯০ বিলিয়ন ইউরো সংগ্রহের বিষয়ে এ বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।
অর্থ সংগ্রহের লক্ষ্য পূরণে ইইউ এর নেতাদের সামনে দুটি পথ খোলা আছে। এর একটিকে দেখা হচ্ছে যুগান্তকারী প্রস্তাব হিসেবে। ইউরোপে ফ্রিজ বা জব্দ হওয়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ক্ষতিপূরণ ঋণ (বিনা সুদে) হিসেবে ইউক্রেনকে দেওয়া। ইউক্রেন এই ঋণ তখনই ফেরত দেবে যখন রাশিয়া তাদের আগ্রাসনের ফলে হওয়া ক্ষতিপূরণ দিতে সম্মত হবে।
দ্বিতীয় বিকল্পটি হলো আর্থিক খাতগুলো থেকে যৌথভাবে ঋণ নেওয়া। করোনাকালে সব সদস্য রাষ্ট্রের পক্ষে ইউরোপীয় কমিশন যেমনটা করেছিল।
রাশিয়ার জব্দকৃত সম্পদের বড় অংশ আছে বেলজিয়ামে। ইউক্রেনকে ক্ষতিপূরণমূলক ঋণ দেওয়ার প্রস্তাবে দেশটি বিরোধীতা করছে। ব্রাসেলসের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার বলেছেন, তিনি হাল ছাড়বেন না।
কারণ হিসেবে ডে ভেভার বলেছেন, এই অর্থ ছাড় দিলে তাঁর দেশের আর্থিক স্থিতিশীলতা ক্ষুন্ন হতে পারে। তিনি সমঝোতার জন্য আলোচনা করতে রাজি। কিন্তু আর্থিক স্থিতিশীলতার বিষয়ে নমনীয়তা দেখাবেন না।
বলা হচ্ছে, ব্রাসেলসের এই বৈঠকের সিদ্ধান্তের ওপর ইউরোপের নিরাপত্তা কাঠামো অনেকটা নির্ভর করছে। যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে রাজি করাতে রাশিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনা করছে। অপরদিকে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় নেতারা বোঝাতে চাইছেন, তারাও এই খেলার অংশীদার।
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ‘আজই (বৃহস্পতিবার) আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। আগামী দুই বছরের জন্য ইউক্রেনের অর্থায়নের বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত আমরা কাউন্সিল ছেড়ে যাব না।’
