ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন কারাদণ্ড

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের যাবজ্জীবন কারাদণ্ড
×

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:৫৮

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বিদ্রোহের পরিকল্পনা ও কর্তৃত্বের অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে ঐতিহাসিক এ রায় দিয়েছেন আদালত। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। রায়টি আসে ইউন ২০২৪ সালের ৩ ডিসেম্বর সামরিক আইন জারির ৪৪৩ দিন পর। আদালত বলেছে, ইউন সুক ইউল ছিলেন ‘বিদ্রোহের নেতা’। তাঁর সামরিক আইন জারি, জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) ক্ষমতায় হস্তক্ষেপের চেষ্টা এবং ডিক্রি কার্যকর করতে পদক্ষেপ নেওয়া– এ সবই সাংবিধানিক শৃঙ্খলা ক্ষুণ্নের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।

রয়টার্স জানায়, সরকারপক্ষের আইনজীবীরা ইউনের মৃত্যুদণ্ড দাবি করেছিলেন। কিন্তু সিউলের জেলা আদালত তাঁর বয়স ও আগের কোনো অপরাধের রেকর্ড না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তা এড়িয়ে যায়। দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের পরিকল্পনার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিচারে এটিই ইউনের পাওয়া সর্বোচ্চ সাজা। আটটি বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া ইউন এর আগে গ্রেপ্তারে বাধা দেওয়া ও জালিয়াতির অভিযোগে পৃথক আরেকটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। তবে এই রায় দেশটিতে রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থায় প্রভাব ফেলবে– তা নিয়ে বিশ্লেষকদের ঐকমত্য দেখা যাচ্ছে।

আরও পড়ুন

×