তাসনিম নিউজের দাবি
ইরানে আরেকটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত
ছবি: তাসনিম নিউজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ১৩:১২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ | ১৩:১৩
ইরানে আরেকটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। শনিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তাসনিমের এক প্রতিবেদকের হাতে পাওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ছবি থেকে এ ধারণা করা হচ্ছে। এ ছবিগুলো প্রমাণ করছে যে আরও একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
সামরিক বিষয়ক তাসনিমের সংশ্লিষ্ট প্রতিবেদক মনে করছেন, ছবিতে একটি মাত্র ইঞ্জিনের নির্গমন অংশ (এক্সহস্ট) দৃশ্যমান হওয়ায় ভূপাতিত বিমানটি এফ-১৬ বা এফ-৩৫ মডেলের হতে পারে। তবে এ ক্ষেত্রে এফ-১৬ হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
এর আগে কয়েক ঘণ্টা আগে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরের আকাশে একাধিক যুদ্ধবিমান উড্ডয়ন করে। এ সময় সেগুলো দেশটির সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তীব্র গোলাবর্ষণের মুখে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, কিছু যুদ্ধবিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ এড়াতে ফ্লেয়ার নিক্ষেপ করে পালানোর চেষ্টা চালায়। তবে প্রাপ্ত তথ্য-উপাত্তে ইঙ্গিত মিলছে যে, ওই যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ভূপাতিত হয়ে থাকতে পারে।
তবে এ ঘটনার বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
- বিষয় :
- ইরান
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ইসরায়েল
- যুদ্ধবিমান
