ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ আরেক ক্রুকেও উদ্ধার করল যুক্তরাষ্ট্র

ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ আরেক ক্রুকেও উদ্ধার করল যুক্তরাষ্ট্র
×

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ধংসাবশেষ। ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ১২:১৩

ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকেও জীবিত উদ্ধারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে মার্কিন ইতিহাসের অন্যতম ‘সাহসী ও দুঃসাহসিক’ উদ্ধার অভিযান বলে দাবি করেছেন তিনি।

গত শুক্রবার ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর একটির পাইলটকে আগেই উদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবার দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল যখন বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ বাড়াচ্ছে, তখনই এই খবর এল।

মার্কিন যুদ্ধবিমান ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’। ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)

নতুন চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন ট্রাম্প। অন্যথায় দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি করার হুমকি দেন তিনি। যদিও ট্রাম্পের দাবি মেনে নেয়নি ইরান। এদিকে আলটিমেটামের সময়ও শেষের পথে।

উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তার অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল।

ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অসাধারণ একজন ক্রু সদস্য, যিনি একজন সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’ সূত্র: রয়টার্স

আরও পড়ুন

×