শুল্ক, ইরান যুদ্ধ, তাইওয়ান উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প
চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৩২
ইরান যুদ্ধের কারণে স্থগিত হওয়া পূর্বনির্ধারিত চীন সফর চলতি সপ্তাহে করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত ট্রাম্প এই সফর করবেন।
সোমবার বেইজিং জানিয়েছে, সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সেখানে দুই নেতার মধ্যে ইরান পরিস্থিতি এবং বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।
বাণিজ্য শুল্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু- নানা বিষয়ে বর্তমানে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। উল্লেখ্য, তাইওয়ানকে চীন তাদের নিজস্ব ভূখণ্ডের অংশ বলে দাবি করে।
ট্রাম্পের এই সফরটি মূলত গত মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে হওয়ার কথা ছিল। কিন্তু ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শি জিনপিংয়ের আমন্ত্রণে ডোনাল্ড ট্রাম্প এই রাষ্ট্রীয় সফর করবেন।
মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প এই সফরে ইরান ইস্যুতে শি জিনপিংয়ের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। পাশাপাশি দুই দেশের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমিয়ে আনাও তাঁর অন্যতম লক্ষ্য।
চীন বর্তমানে ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা। বিশেষ করে চীনের বেসরকারি মালিকানাধীন ক্ষুদ্র শোধনাগারগুলো (টিপট রিফাইনারি) ইরান থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানি করে।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি সাংবাদিকদের বলেন, এই সফরের গুরুত্ব অপরিসীম। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কেবল আনুষ্ঠানিকতার জন্য কোথাও যান না। আমেরিকানরা আশা করতে পারেন যে, প্রেসিডেন্ট দেশের স্বার্থে ভালো চুক্তি নিয়ে ফিরবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের এটিই প্রথম চীন সফর। তাঁকে বেইজিংয়ের টেম্পল অব হেভেন পরিদর্শনে নিয়ে যাওয়া হবে এবং তাঁর সম্মানে একটি রাজকীয় নৈশভোজের আয়োজন করা হবে। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে যাচ্ছেন।
- বিষয় :
- সফর
- চীন
- ডোনাল্ড ট্রাম্প
- বৈঠক
- শি জিনপিং
