ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদি

সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন মোদি
×

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

দ্য হিন্দু

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৯:২২

নরওয়ে সফরে গিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার ইস্যুতে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির কর্মকর্তারা। ঘটনাটি ঘটে নরওয়ে সফরে থাকা মোদির এক যৌথ সংবাদ সম্মেলনে। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘরের সঙ্গে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে দুই নেতা মঞ্চ ত্যাগ করার সময় নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিং মোদিকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়ে দেন।

হেলে লিং মোদির কাছে জানতে চান, বিশ্বের অন্যতম স্বাধীন সংবাদমাধ্যমের সামনে তিনি কেন সরাসরি প্রশ্ন নেন না। তবে কোনো জবাব না দিয়েই মোদি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জ-এর ব্রিফিংয়েও একই সাংবাদিক মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ভারতের প্রতি আন্তর্জাতিক আস্থার বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও কেন বিশ্ব ভারতের ওপর আস্থা রাখবে এবং মোদি কি কখনও ভারতীয় সংবাদমাধ্যমের কঠিন প্রশ্নের মুখোমুখি হবেন।

জবাবে সিবি জর্জ ভারতের গণতান্ত্রিক কাঠামো ও বৈশ্বিক অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত একটি সভ্যতাভিত্তিক রাষ্ট্র এবং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোভিড-১৯ মহামারির সময় ভারত শতাধিক দেশে টিকা ও বহু দেশে ওষুধ সরবরাহ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিফিং চলাকালে সাংবাদিক বারবার অনুসন্ধানী প্রশ্ন করলে সিবি জর্জ কিছুটা বিরক্ত প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রশ্ন করা যেতে পারে, তবে কীভাবে উত্তর দিতে হবে তা নির্ধারণ করা উচিত নয়। পাশাপাশি তিনি দাবি করেন, বিশ্বের জনসংখ্যার বড় একটি অংশ ভারতের হলেও বৈশ্বিক সমস্যার জন্য দেশটি অনুপাতে দায়ী নয়।

তিনি আরও বলেন, ভারতের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং স্বাধীনতার পর থেকেই দেশটি নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে আসছে।

পরে সাংবাদিক হেলে লিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, তিনি ও তাঁর সহকর্মীরা মানবাধিকার পরিস্থিতি নিয়ে নির্দিষ্ট উত্তর জানতে চেয়েছিলেন, কিন্তু সে বিষয়ে পরিষ্কার জবাব পাননি। তাঁর অভিযোগ, ভারতীয় প্রতিনিধিরা মূল প্রশ্নের বদলে কোভিড মোকাবিলায় ভারতের ভূমিকা ও যোগব্যায়ামের মতো বিষয় তুলে ধরেছেন।
 

আরও পড়ুন

×