ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

বিধানসভার পর লোকসভায়ও ভাঙনের মুখে মমতার তৃণমূল

বিধানসভার পর লোকসভায়ও ভাঙনের মুখে মমতার তৃণমূল
×

তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়। ছবি: সমকাল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৪:৫৪

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপর্যয় এবং ৬০ বিধায়কের দলত্যাগের পর এবার সংসদের নিম্নকক্ষ তথা লোকসভায়ও ভাঙনের মুখে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে বিধানসভায় দলত্যাগী ৬০  বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘নতুন তৃণমূল কংগ্রেস’ নামে একটি পৃথক দল গঠন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই ধরনের সমীকরণ এবার লোকসভা ও রাজ্যসভার সাংসদদের মধ্যেও দেখা যেতে পারে।

সম্প্রতি লোকসভার চিফ হুইপ পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্বে নিয়ে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের পরপরই দলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। গুঞ্জন রয়েছে, তিনি বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে ঘুষ কেলেঙ্কারির জেরে আইনি জটিলতার কারণে যদি বিজেপি তাঁকে না নেয়, তবে তৃণমূলের সম্ভাব্য বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ হয়ে উঠতে পারেন তিনি।

গত শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লেখেন, ‘আপনি কী মনে করেন একটি রাজনৈতিক পরিবারের চারবারের সংসদ সদস্য, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে চার দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি নিজের স্বার্থের কথা ভাবেন?’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়ও। বিধানসভার দলত্যাগের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এত দ্রুত ৬০ বিধায়ক চলে যাবেন, এটা ভাবিনি। লোকসভায়ও একই প্রতিক্রিয়া হতে চলেছে। দলটির বেশ কয়েকজন লোকসভা সদস্য জানিয়েছেন, তারা এরই মধ্যে প্রস্তুত।

বর্তমানে লোকসভায় তৃণমূল কংগ্রেসের ২৯ জন সাংসদ রয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, ২০ জন বা তার বেশি সাংসদ বর্তমানে বিদ্রোহী শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদি এই সংখ্যক সাংসদ শেষ পর্যন্ত দল ছাড়েন, তবে লোকসভায় তৃণমূলের সংসদীয় নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে।

দলের এই অভ্যন্তরীণ সংকট নিয়ে জানতে চাওয়া হলে লোকসভার বর্তমান চিফ হুইপ ও কট্টর মমতাপন্থি হিসেবে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতক্ষণ না বাস্তবে কিছু ঘটছে, ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।’

সব মিলিয়ে বিধানসভার পর দেশের সংসদীয় রাজনীতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আরও একটি বড় ধরনের সাংগঠনিক ফাটলের মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন

×