পিউ রিসার্চের জরিপ
ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ৮০ শতাংশ বাংলাদেশি
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৩:৪০
বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ন্যূনতম আস্থা রাখেন না অধিকাংশ মানুষ। সম্প্রতি এমন চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক বৈশ্বিক জরিপে।
‘ইসরায়েল ও নেতানিয়াহু সম্পর্কে বৈশ্বিক জনমত’ শীর্ষক এ জরিপে বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলের ৪৪ হাজার ৬৫৭ জনের মতামত ও সাক্ষাৎকার নেওয়া হয়। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত হয়েছে জরিপ।
জরিপ অনুযায়ী, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ইসরায়েল সম্পর্কে ‘খুবই নেতিবাচক’ ধারণা পোষণ করেন। আরও ১৫ শতাংশের মতামত ‘কিছুটা নেতিবাচক’। অর্থাৎ মোট ৭৯ শতাংশ বাংলাদেশি ইসরায়েলকে নেতিবাচকভাবে দেখেন। বিপরীতে ৮ শতাংশ মানুষ দেশটি সম্পর্কে কিছুটা ইতিবাচক এবং ৪ শতাংশ খুবই ইতিবাচক ধারণা পোষণ করেন। সব মিলিয়ে ১৩ শতাংশের মতো মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক।
পিউ রিসার্চ বলছে, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ ও অঞ্চলগুলোর মধ্যে ইসরায়েলবিরোধী মনোভাব সবচেয়ে বেশি। এ তালিকায় রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম। নিরাপত্তা পরিস্থিতির কারণে গাজায় জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি।
জরিপে আরও দেখা গেছে, বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর বাংলাদেশের অধিকাংশ মানুষের কোনো আস্থা নেই। অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, মালয়েশিয়া, পাকিস্তান, স্পেন, সুইডেন, তুরস্ক, যুক্তরাজ্যসহ আরও বহু দেশে একই ধরনের মনোভাব দেখা গেছে।
পিউ রিসার্চের তথ্যমতে, জরিপে অন্তর্ভুক্ত ৩৬টি দেশ ও অঞ্চল মিলিয়ে মধ্যম হিসেবে ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মত দিয়েছেন। বিপরীতে ইতিবাচক মত দিয়েছেন ২৫ শতাংশ। অধিকাংশ দেশেই নেতানিয়াহুর প্রতি আস্থার চেয়ে অনাস্থার হার বেশি।
ইউরোপেও বাড়ছে নেতিবাচক মনোভাব
ইউরোপের দেশগুলোতেও ইসরায়েল সম্পর্কে জনমত ক্রমেই নেতিবাচক হচ্ছে। ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে প্রায় অর্ধেক বা তার বেশি মানুষ জানিয়েছেন, ইসরায়েল সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ‘অত্যন্ত নেতিবাচক’। অস্ট্রেলিয়া, ইতালি, নাইজেরিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্যে গত বছরের তুলনায় ‘খুবই নেতিবাচক’ মতামতের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে সব অঞ্চলের চিত্র একেবারে একই নয়। সাব-সাহারান আফ্রিকার কয়েকটি দেশে ইসরায়েল সম্পর্কে তুলনামূলক ইতিবাচক মনোভাব দেখা গেছে। কেনিয়া ও ফিলিপাইনে অর্ধেকের বেশি মানুষ নেতানিয়াহুর প্রতি আস্থা প্রকাশ করেছেন, যা জরিপে অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে ব্যতিক্রম।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত এবং ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে ইসরায়েল সম্পর্কে জনমতকে আরও নেতিবাচক করে তুলেছে। বাংলাদেশের ক্ষেত্রেও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের জনসমর্থনের প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে পিউ রিসার্চের জরিপে।
