ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত, গুরুতর আহত মেয়ে

তিন জেলায় দুর্ঘটনায় মা-ছেলেসহ প্রাণ গেল আরও সাতজনের

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত, গুরুতর আহত মেয়ে
×

প্রতীকী ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৫:৩৭

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ওই দম্পতির কিশোরী মেয়েসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিন দেশের তিন জেলায় দুর্ঘটনায় মা-ছেলেসহ আরও সাতজন নিহত হয়েছেন।

বেলকুচিতে নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তাঁর স্ত্রী ফজিলা খাতুন (৩৫) ও জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে ভ্যানচালক মো. নুরু (৪৫)। দুর্ঘটনায় আহত মোতালেব হোসেনের মেয়ে তামান্না খাতুনকে (১৬) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান, মোতালেব হোসেন শুক্রবার সকালে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে আজুগড়া এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে মেঘুল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটির এক্সেল রড ভেঙে যায়। এতে চালকসহ ভ্যানের সবাই সড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ভ্যানচালক নিহত হন। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে আটকে যায়।

এ ঘটনায় ওই দম্পতির মেয়ে তামান্না খাতুনসহ বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা, ছেলেসহ চারজন নিহত হয়েছেন। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়াল্লিশ্বর এবং ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িঊড়া নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

বিয়াল্লিশ্বরের দুর্ঘটনায় নিহতরা হলেন—অটোরিকশার চালক মাহবুব মিয়া (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তাঁর ছেলে আশরাফুল ইসলাম (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার মিয়া (৫০) ও তাঁর শিশু মেয়ে আদিবা (৪)। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার মিয়া। কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অটোরিকশার চালক এবং যাত্রী মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িঊড়ায় প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ওলি মিয়া (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পটুয়াখালীর অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুরের কামাল (৩০)।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ঢাকাগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী ব্রিজে ধাক্কা দিলে পেছন থেকে হিমেল সীমান্ত পরিবহনের আরেকটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত অমিতাভ ও কামালকে ঢাকায় নেওয়ার পথে তাঁরা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আরও এক যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

চরভদ্রাসনে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে ফসলি জমি চাষের সময় ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামে নদী-তীরবর্তী জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। চালক জয় ট্রাক্টরের নিচে আটকে মারা যান। শুক্রবার সকালে স্থানীয়রা নদীতে ট্রাক্টরের অংশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। বেলা ১১টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ধারণা, চালকের ঘুম চলে আসায় বা পারের মাটি ধসে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×