ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মুম্বাইয়ের আন্দোলনে ঢাকার চিত্র, আলোচনায় রিয়া আহির

মুম্বাইয়ের আন্দোলনে ঢাকার চিত্র, আলোচনায় রিয়া আহির
×

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন রিয়া আহির। বুধবার ভারতের মুম্বাইয়ে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৯:১৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৯:১৫

ধূসর রঙের হুডি পরা এক তরুণী হাত দিয়ে পুলিশ ভ্যান আটকাতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। ভারতে এই দৃশ্যটি এখন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে আলোচিত এক ছবি।

ঘটনার সূত্রপাত গতকাল বুধবার ভারতের মুম্বাইয়ের কোহিনূর স্কয়ারে। একটি ভ্যানে করে আটককৃত বিক্ষোভকারীদের নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে হঠাৎ গাড়িটির সামনে দাঁড়ান এক তরুণী। দুই হাত দিয়ে গতিরোধ করার চেষ্টা করেন।

পরে জানা যায়, তরুণীর নাম রিয়া আহির (২৭)। তিনি পেশায় মডেল ও ইনস্টাগ্রামে মিউজিক ভিডিও বানান। সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১ লাখ। পুলিশের ভ্যান থামাতে তাঁর চেষ্টার দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

বৃহস্পতিবার হিন্দুস্থান টাইমসকে রিয়া বলেছেন, তাঁর মনে হয়েছিল পুলিশ অযথাই তরুণদের আটক করে নিয়ে যাচ্ছে। তাই সঙ্গে সঙ্গে গাড়ির দিকে ছুটে যান। সামনে দাঁড়িয়ে থামানোর পর পুলিশ তাঁকে বলেছিল, একটু এগিয়ে যাওয়ার পরই আটককৃতদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি সেই ব্যাখ্যা মানতে রাজি হননি। 

ঘটনার সময় রিয়া নিজের কাজে কোহিনূর স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ছাত্রদের স্লোগান শুনে বুঝতে পারেন গাড়িতে তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। রিয়া বলেন, ওই স্লোগান শুনে নিজেকে ধরে রাখতে পারেননি। তাঁর মনে হয়েছিল, আন্দোলনে গেলে এখান থেকেই শুরু করা উচিত। 

রিয়ার এই ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার এক দৃশ্যের মতো। ২০২৪ সালের ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ ছাত্রদের আটক করলে গাড়ির সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন নুসরাত। পরে সেই ছবিটিও জুলাই আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়।

আরও পড়ুন

×